কুমিল্লার দেবিদ্বার উপজেলার বাগুর বাজারে চাঁদাবাজদের চাঁদা না দেওয়ায় ইজারাদার মানিক (৪১) নামে এক ব্যক্তিকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন।
শুক্রবার (৮ মে) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাগুর বাসস্ট্যান্ড এলাকায় এ প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। এতে বাজারের ব্যবসায়ী, স্থানীয় জনসাধারণ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
প্রতিবাদকারীরা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে একটি চক্র বাজারের ব্যবসায়ী ও ইজারাদারদের কাছে চাঁদা দাবি করে আসছে। ইজারাদার মানিক চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে মারধর করা হয়। এ ঘটনায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে বাজার এলাকায় চাঁদাবাজি বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা।
আপনার মতামত লিখুন :