মিরসরাইয়ে মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাং প্রতিরোধে ছাত্রদলের সচেতনতামূলক সমাবেশ

নুর হোসেন মিয়া , মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা

প্রকাশিত: ০৭ মে, ২০২৬, ০৭:৪৮ পিএম

চট্টগ্রামের মিরসরাইয়ে মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের মতো সামাজিক ব্যাধি প্রতিরোধে এক সচেতনতামূলক সমাবেশ ও সামাজিক আন্দোলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ মে ২০২৬) দুপুরে উপজেলার মলিয়াইশ উচ্চ বিদ্যালয়ের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে এই ব্যতিক্রমী কর্মসূচি পালন করা হয়।

সমাবেশে অংশগ্রহণকারী শিক্ষার্থী ও সাধারণ মানুষের হাতে ‘মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে রুখে দাঁড়ান’, ‘শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করি’, ‘সন্তান কোথায় কার সাথে যায় খোঁজ রাখুন’ এবং ‘ইভটিজিংয়ের শিকার হলে ৯৯৯-এর সহযোগিতা নিন’—এই জাতীয় বিভিন্ন সচেতনতামূলক স্লোগান সংবলিত প্লেকার্ড দেখা গেছে। স্কুলের আঙিনায় অহেতুক আড্ডা এড়িয়ে চলা এবং নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয় কর্মসূচিতে।

চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক তরিকুর রহমান বাবুর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর ও সদস্য দিদারুল আলম চৌধুরী। বক্তারা বলেন, কিশোর গ্যাং ও মাদক সমাজকে কুরে কুরে খাচ্ছে। ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে হলে রাজনৈতিক ও সামাজিকভাবে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।

মলিয়াইশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিন তাঁর বক্তব্যে ছাত্রদলের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, শিক্ষার্থীদের পড়াশোনার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে এবং ইভটিজিংমুক্ত ক্যাম্পাস গড়তে শিক্ষক, অভিভাবক ও রাজনৈতিক কর্মীদের সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন।

সমাবেশে আরও বক্তব্য রাখেন মিঠানালা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রেজাউর রহমান চৌধুরী, স্কুল পরিচালনা কমিটির সদস্য সালাহ উদ্দিন সেলিম, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহদাত হোসেন, ওলামা দলের সভাপতি গোলাম কিবরিয়া চৌধুরীসহ যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এতে মিঠানালা ও মঘাদিয়া ইউনিয়ন ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

Advertisement

Link copied!