কুমিল্লার দেবিদ্বারে বসতঘরে অগ্নিকাণ্ডে আনিসুর রহমান (৩৫) নামে এক মানসিক প্রতিবন্ধীর মৃত্যু হয়েছে। গত বুধবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার ছোটনা গ্রামের পাটোয়ারী বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত আনিসুর রহমান ওই গ্রামের মিন্নত আলীর পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, মানসিক ভারসাম্যহীন হওয়ায় আনিসুর রহমানকে ঘরের ভেতর শিকলবন্দী করে রাখা হয়েছিল। রাতে তিনি ঘুমিয়ে থাকা অবস্থায় মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনলেও শিকলবন্দী থাকায় আনিসুর রহমান বের হতে পারেননি এবং আগুনে দগ্ধ হন। পরে আগুন নিভে যাওয়ার পর বৃহস্পতিবার সকালে তিনি মারা যান। তাকে হাসপাতালে নেওয়া হয়নি বলে স্থানীয়রা জানিয়েছেন। অগ্নিকাণ্ডে ঘরের আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়।
শরিফুল ইসলাম নামের এক স্থানীয় জানান, অগ্নিকাণ্ডের সময় ঘরের আসবাবপত্র পুড়ে যায়। শিকলবন্দী আনিসকে আগুন নিয়ন্ত্রণে আসার পর পুড়ে যাওয়া ঘর থেকে বাহিরে আনা হলেও তাকে হাসপাতালে নেওয়া হয়নি।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, অগ্নিকাণ্ডে একজন দগ্ধ হয়ে মারা যাওয়ার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
আপনার মতামত লিখুন :