ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে চতুর্থদিনেও নোয়াখালীতে বিক্ষোভ চলমান 

মামুন রাফী , নোয়াখালী জেলা সংবাদদাতা

প্রকাশিত: ০৭ মে, ২০২৬, ০৭:৪০ পিএম

সদ্য ঘোষিত নোয়াখালী জেলা ছাত্রদল, পৌরসভা ও সদর উপজেলা কমিটি বাতিলের দাবিতে পদবঞ্চিত ও ত্যাগী নেতাকর্মীদের বিক্ষোভ কর্মসূচি চতুর্থ দিনেও অব্যাহত রয়েছে। নেতাকর্মীদের লাগাতার এই কর্মসূচির কারণে জেলা শহর মাইজদীতে থমথমে অবস্থা বিরাজ করছে।

বৃহস্পতিবার (৭ মে ২০২৬) বিকেল ৪টায় চতুর্থ দিনের মতো বিক্ষোভ মিছিল বের করেন সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। মিছিলটি জেলা জামে মসজিদের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান বাণিজ্যিক কেন্দ্র পৌর বাজার প্রদক্ষিণ করে। পরে বিক্ষুব্ধ নেতাকর্মীরা জিলা স্কুলের সামনে অবস্থান নিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, গত ২ মে রাতে ঘোষিত কমিটিগুলোতে গঠনতন্ত্রের চরম লঙ্ঘন হয়েছে। তাঁদের দাবি, পদ পাওয়া অধিকাংশ সদস্যের ছাত্রত্ব নেই, অনেকে বিবাহিত এবং কয়েকজন মাত্র অষ্টম শ্রেণি পাস। ইতোমধ্যে এই বিতর্কিত কমিটি থেকে ১০ জন সিনিয়র নেতা পদত্যাগ করেছেন।

নোয়াখালী সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি আকবর হোসেন বলেন, “যাঁদের ইতিপূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিষ্কার করা হয়েছিল বা পদ স্থগিত ছিল, তাঁদের এই কমিটিতে পদ দেওয়া হয়েছে। অথচ একই অপরাধে অভিযুক্ত অন্যদের বহিষ্কারাদেশ এখনও বহাল। এতেই স্পষ্ট হয় যে, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন তাঁর একক ক্ষমতা ব্যবহার করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে পকেট কমিটি গঠন করেছেন।”

বিক্ষোভকারীরা দ্রুত সময়ের মধ্যে এই ‘পকেট কমিটি’ বিলুপ্ত করে যোগ্য ও রাজপথের পরীক্ষিত নেতাদের হাতে নেতৃত্ব হস্তান্তরের দাবি জানান। তাঁরা এই সংকট নিরসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সরাসরি হস্তক্ষেপ কামনা করেন। দ্রুত সমাধান না হলে ভবিষ্যতে হরতালসহ আরও কঠোর কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ইয়াসির আরাফাত শুভ, সদর উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক শাহেদ বাবু, নোয়াখালী পৌরসভা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মো. ওয়াসিম এবং সাবেক সদস্য সচিব জিহাদুল ইসলাম সজীব প্রমুখ।

Advertisement

Link copied!