ব্রাহ্মণপাড়ায় বিপুল মাদক ও আতশবাজি জব্দ: ১ মাদক ব্যবসায়ীসহ ৫ গ্রেপ্তার

মোঃ রেজাউল হক শাকিল , ব্রাহ্মণপাড়া প্রতিনিধি

প্রকাশিত: ০৭ মে, ২০২৬, ০৮:৪৫ পিএম

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বিশেষ অভিযানে ৩০ কেজি গাঁজা ও ১ হাজার ৯৫০ প্যাকেট ভারতীয় আতশবাজিসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া পৃথক অভিযানে বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আরও চার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে ব্রাহ্মণপাড়া থানার পুলিশ উপজেলার ৪ নম্বর শশীদল ইউনিয়নের রামচন্দ্রপুর বাল্লাক (উত্তরপাড়া) এলাকায় অভিযান চালায়।

অভিযানে এসআই মো. আল আমিনের নেতৃত্বে পুলিশের একটি দল অংশ নেয়।

পুলিশ জানায়, ফুল মিয়া মেম্বারের বাড়ি এলাকায় মো. কাউছার মিয়ার বসতঘরের রান্নাঘরে তল্লাশি চালিয়ে ৩০ কেজি গাঁজা ও ১ হাজার ৯৫০ প্যাকেট ভারতীয় ‘কিং কোবরা’ আতশবাজি উদ্ধার করা হয়। এ সময় কাউছার মিয়া (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার বাবরু মিয়ার ছেলে।

এ ছাড়া পৃথক অভিযানে জিআর সাজা পরোয়ানাভুক্ত হাবিবুর রহমান ওরফে হাফেজ, পৃথক দুটি জিআর মামলার আসামি মো. ওসমান এবং সিআর পরোয়ানাভুক্ত মো. তাজুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।

ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ মো: ফারুক হোসেন সততা নিশ্চিত করে জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বৃহস্পতিবার আদালতে পাঠানো হচ্ছে।

Advertisement

Link copied!