হোমনায় দুর্বৃত্তের আগুনে যুবদল নেতার বাড়িতে অগ্নিসংযোগ, ক্ষয়ক্ষতির অভিযোগ

কুমিল্লার হোমনা উপজেলার চান্দেরচর ইউনিয়নের রামকৃষ্ণপুর এলাকায় দুর্বৃত্তদের দেয়া আগুনে এক যুবদল নেতার বসতঘর ও আসবাবপত্র পুড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রায় সাড়ে ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ভুক্তভোগী পরিবার।

শনিবার দিবাগত রাত আনুমানিক ১টা ৪০ মিনিটের দিকে রামকৃষ্ণপুর সাব বাড়িতে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত মো. খবির আহাম্মদ স্থানীয় মরহুম আলী আহাম্মদের ছেলে এবং চান্দেরচর ইউনিয়ন যুবদলের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক।

পরিবারের সদস্যরা জানান, গভীর রাতে দুর্বৃত্তরা বাড়ির নিচতলার ড্রয়িংরুমের জানালার গ্লাস ভেঙে ভেতরে আগুন নিক্ষেপ করে। এতে প্রথমে সোফায় আগুন ধরে যায় এবং পরে তা দ্রুত ঘরের অন্যান্য আসবাবপত্রে ছড়িয়ে পড়ে। স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হলেও ড্রয়িংরুমের আসবাবপত্র, বৈদ্যুতিক সরঞ্জামসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়।

ঘটনার সময় খবির আহাম্মদ ব্যবসায়িক কাজে ঢাকায় অবস্থান করছিলেন। তবে তার স্ত্রী ও দুই সন্তান পাশের কক্ষে ঘুমিয়ে ছিলেন। স্থানীয়দের সহযোগিতায় তারা নিরাপদে বের হয়ে আসতে সক্ষম হন।

খবির আহাম্মদ অভিযোগ করেন, এলাকায় মাদক ব্যবসা ও মাদকসেবীদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে প্রতিবাদ ও আন্দোলন করে আসছিলেন তিনি। তার দাবি, স্থানীয়ভাবে মাদকের বিরুদ্ধে সক্রিয় ভূমিকা রাখার কারণে ক্ষুব্ধ হয়ে মাদক কারবারি ও তাদের সহযোগীরা এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে।

তিনি বলেন, “ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।”

এ বিষয়ে হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা টমাস বড়ুয়া জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি জানতে পেরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।

লিখিত অভিযোগ না করার বিষয়ে খবির আহাম্মদ জানান, তিনি ঢাকায় অবস্থান করায় তাৎক্ষণিকভাবে অভিযোগ করতে পারেননি। বর্তমানে বাড়ির পথে রয়েছেন এবং থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন বলে তিনি জানান।

 

Advertisement

Link copied!