​ব্রাহ্মণপাড়ায় তিন ফসলি জমি কেটে চলছে বিশাল পুকুর ভরাট

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ১১ মে, ২০২৬, ০৬:০৩ পিএম

​কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় ফসলি জমি নষ্ট করে অবৈধ ড্রেজার দিয়ে বিশাল এক পুকুর ভরাটের অভিযোগ উঠেছে। উপজেলার চান্দলা ইউনিয়নের করিমপুর গ্রামে কৃষি জমির ওপর এই তাণ্ডব চালানো হচ্ছে।

​স্থানীয় সূত্র জানায়, চান্দলা করিমপুর আশ্রয়ণ প্রকল্পের পশ্চিম পাশের তিন ফসলি জমি থেকে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে মাটি কাটা হচ্ছে। এই মাটি দিয়ে একই এলাকার করিমপুর ভূঁইয়া বাড়ির রফিকুল ইসলাম ভূঁইয়া ও কামরুল ইসলাম ভূঁইয়া সজল তাঁদের মালিকানাধীন একটি বিশাল পুকুর ভরাট করছেন।

​সরেজমিনে গিয়ে দেখা গেছে, ফসলি জমির বুক চিরে ড্রেজারের পাইপ বসিয়ে বালু ও মাটি নেওয়া হচ্ছে পুকুরে। এতে আশপাশের কৃষি জমিগুলো যেমন ঝুঁকির মুখে পড়ছে, তেমনি স্থায়ীভাবে নষ্ট হচ্ছে আবাদি জমি।

​এ বিষয়ে জানতে চাইলে পুকুর মালিকদের একজন কামরুল ইসলাম ভূঁইয়া সজল জানান, মূলত জায়গায় সংকটের কারণেই তাঁরা পুকুরটি ভরাট করছেন। তিনি বলেন, “বাড়িতে জায়গার খুব অভাব, তাই আমরা নিজেদের পুকুর ভরাট করে নিচ্ছি।” তবে কৃষি জমি নষ্ট করে মাটি কাটার বিষয়ে জানতে চাইলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি।

​এদিকে কৃষি জমিতে ড্রেজার বসিয়ে মাটি কাটা ও জলাশয় ভরাটের খবর পেয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান বলেন, ফসলি জমি কোনোভাবেই নষ্ট করা যাবে না। আর ড্রেজার মেশিন চালানো সম্পূর্ণ অবৈধ। আমি দ্রুত এ ব্যাপারে খোঁজ নিয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করছি।

​স্থানীয় কৃষকদের অভিযোগ, এভাবে ফসলি জমি থেকে মাটি কাটা অব্যাহত থাকলে ভবিষ্যতে আবাদের জমি কমে যাবে এবং পরিবেশের ভারসাম্য নষ্ট হবে। তাঁরা অবিলম্বে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ দাবি করেছেন।

Advertisement

Link copied!