কুমিল্লার হোমনা উপজেলায় স্থানীয় জনতার সহায়তায় ইয়াবাসহ এক যুবককে আটক করা হয়েছে। পরে তাকে হোমনা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
রোববার (১০ মে) রাত প্রায় ১১টা ৫০ মিনিটে উপজেলার ৪নং চান্দেরচর ইউনিয়নের ২নং ওয়ার্ডের রামকৃষ্ণপুর জিরো পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে। মক্কা-মদিনা এসএস গ্যালারির সামনে পাকা সড়কের ওপর থেকে তাকে আটক করা হয়।
আটক যুবকের নাম হাসান সরকার (২৭)। তিনি উপজেলার রামকৃষ্ণপুর এলাকার আকন্দপাড়ার বাসিন্দা এবং মৃত অলি সরকারের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, স্থানীয়দের সহযোগিতায় হাসান সরকারকে আটক করার পর তার কাছ থেকে ৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে থানায় নিয়ে যাওয়া হয়।
এ ঘটনায় হোমনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
হোমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) টমাস বড়ুয়া বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান চলমান রয়েছে। মাদক কারবারি ও সেবনকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
আপনার মতামত লিখুন :