শাহরাস্তিতে পুলিশের জোড়া মাদক অভিযানে ইয়াবাসহ দুই কারবারি গ্রেফতার

আলম চৌধুরী , সিনিয়র রিপোর্টার

প্রকাশিত: ১১ মে, ২০২৬, ০১:০৮ পিএম

চাঁদপুরের শাহরাস্তিতে মাদকবিরোধী অভিযানে ফের সক্রিয় ভূমিকা রেখেছে শাহরাস্তি মডেল থানা পুলিশ। পৃথক দুইটি অভিযানে মোট ৩৬ পিচ ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গত (১০ মে) রবিবার শাহরাস্তি পৌরসভা ও সূচীপাড়া পূর্ব বাজার এলাকায় অভিযান পরিচালনা করে এই সাফল্য অর্জন করা হয়।

শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মীর মাহবুবুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে পুলিশের পৃথক দুটি চৌকস টিম এ অভিযান পরিচালনা করে।

প্রথম অভিযানে এসআই (নিঃ) মিঠুন দাস, এসআই (নিঃ) আরিফ হোসাইন ও এএসআই (নিঃ) বাবুল হোসেন সঙ্গীয় ফোর্সসহ শাহরাস্তি পৌরসভার ০৭ নং ওয়ার্ডের নিজমেহার এলাকার পাটোয়ারী বাড়ী রোডে শাহা বাড়ীর সামনে অভিযান চালান। এসময় মাদক ব্যবসায়ী মোঃ মাসুদুর রহমান (৩৮) কে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ২৫ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত মাসুদুর রহমান নিজমেহার (ছারা বাড়ী) এলাকার মৃত কোরবান আলীর ছেলে। দীর্ঘদিন ধরে সে গোপনে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল বলে জানিয়েছে পুলিশ।

অপরদিকে একই দিনে শাহরাস্তি থানাধীন সূচীপাড়া পূর্ব বাজার এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করেন এসআই (নিঃ) ফরিদ উদ্দিন ও এএসআই (নিঃ) সাদ্দাম হোসেন। মেসার্স সাগর এন্টারপ্রাইজের সামনে পাকা রাস্তার উপর সন্দেহভাজন অবস্থায় থাকা মোঃ আবদুল হান্নান (৪৮) কে আটক করা হয়। পরে তার কাছ থেকে ১১ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আবদুল হান্নান লাকামতা (কাছারী বাড়ী) এলাকার মৃত জবরুল হক প্রঃ জবুর ছেলে বলে জানা গেছে।

পুলিশ জানায়, দুই অভিযানে উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট জব্দ করে পৃথক দুইটি মামলা রুজু করা হয়েছে। আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।

শাহরাস্তি মডেল থানা পুলিশ জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসায় জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।

Advertisement

Link copied!