খাগড়াছড়িতে সরকারি কর্মকর্তাদের সাথে পার্বত্য মন্ত্রী দিপেন দেওয়ান এর মতবিনিময় সভা

অজয় সেন ত্রিপুরা , খাগড়াছড়ি জেলা সংবাদদাতা

প্রকাশিত: ১১ মে, ২০২৬, ০২:২২ পিএম

পার্বত্য চট্টগ্রামকে উন্নয়নের মূল স্রোতধারায় সম্পৃক্ত করতে এবং জনসেবা নিশ্চিত করতে খাগড়াছড়িতে কর্মরত বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। 

সোমবার (১১মে) তিনি পার্বত্য অঞ্চলের টেকসই উন্নয়ন ও স্বচ্ছতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। মন্ত্রী বলেন, পার্বত্য চট্টগ্রামকে সম্পূর্ণ দুর্নীতিমুক্ত ও 'জিরো টলারেন্স'-এর আওতায় আনা হবে। তিনি কর্মকর্তাদের স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে কাজ করার নির্দেশ দেন। পার্বত্য চট্টগ্রামের কোনো সম্প্রদায় যাতে পিছিয়ে না থাকে, সে লক্ষ্যে সম্পদের সুষম বণ্টন নিশ্চিত করার তাগিদ দেন তিনি।

এছাড়াও পার্বত্য অঞ্চলে পর্যটনের ব্যাপক সম্ভাবনা রয়েছে উল্লেখ করে তিনি বিদেশি পর্যটক আকর্ষণ ও স্থানীয়দের কর্মসংস্থান বৃদ্ধিতে বিশেষ উদ্যোগের কথা জানান। দুর্গম এলাকায় শিক্ষা, স্বাস্থ্য ও সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন প্রকল্পের আশ্বাস দেন। চাষযোগ্য ভূমি কম হওয়ায় দুর্গম এলাকার মানুষের দারিদ্র্য বিমোচনে কৃষি ও অবকাঠামো উন্নয়নে নিরলস কাজ করতে কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন। খাগড়াছড়িতে 'হেডম্যান অফিস' নির্মাণের ওপরও তিনি গুরুত্ব দেন।

সভায় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যবৃন্দ, খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক, জেলা প্রশাসক মোঃ আনোয়ার সাদাত এবং বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে বাস্তব পরিস্থিতি ও সমস্যার কথা শোনেন এবং অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের আশ্বাস দেন।

মন্ত্রী আরও বলেন, "প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা বৈষম্যহীন ও সমৃদ্ধ পার্বত্য চট্টগ্রাম গড়তে চাই"। তিনি কর্মকর্তাদের জনবান্ধব হওয়ার এবং অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করার আহ্বান জানান।

Link copied!