ডিআইইউতে নতুন প্রক্টর ও ডিন নিয়োগ

মোঃ আল শাহারিয়া সুইট , ডিআইইউ সংবাদদাতা

প্রকাশিত: ১৬ মে, ২০২৬, ০৮:১৭ পিএম

রাজধানীর স্বনামধন্য বেসরকারি বিশ্ববিদ্যালয় ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি প্রশাসনিক কাঠামোয় নতুন পরিবর্তন আনা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মোঃ আবুল কালাম আজাদ। একই সঙ্গে কলা ও সমাজবিজ্ঞান অনুষদের নতুন ডিন হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক মোঃ সাজ্জাদ হোসেন।

শনিবার (১৬ মে) অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভা সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শিক্ষাবান্ধব করার লক্ষ্যে এই নতুন দায়িত্ব প্রদান করা হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, ইংরেজি বিভাগের জ্যেষ্ঠ শিক্ষক অধ্যাপক ড. মোঃ আবুল কালাম আজাদকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। পাশাপাশি একই বিভাগের অধ্যাপক মোঃ সাজ্জাদ হোসেনকে কলা ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন হিসেবে দায়িত্ব অর্পণ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা জানিয়েছেন, নতুন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা দীর্ঘদিন ধরে শিক্ষা, গবেষণা ও প্রশাসনিক কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। শিক্ষকতা জীবনে তাদের অভিজ্ঞতা ও দক্ষতা বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক উন্নয়ন, শিক্ষার্থীদের কল্যাণ এবং একাডেমিক পরিবেশ আরও সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করতে প্রক্টর অফিসের কার্যক্রমকে আরও শক্তিশালী করা হবে। একই সঙ্গে কলা ও সমাজবিজ্ঞান অনুষদে আধুনিক ও যুগোপযোগী শিক্ষা কার্যক্রম পরিচালনায় নতুন ডিনের নেতৃত্ব ইতিবাচক পরিবর্তন আনবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নতুন দায়িত্ব পাওয়ার পর শিক্ষক ও শিক্ষার্থীদের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে অধ্যাপক ড. মোঃ আবুল কালাম আজাদ এবং অধ্যাপক মোঃ সাজ্জাদ হোসেনকে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন মহল আশা করছে, তাদের নেতৃত্বে শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে।

 

Link copied!