দেশের রাজনীতি এমনভাবে গড়ে তুলতে হবে যাতে ভবিষ্যৎ প্রজন্ম ঘুষ ও তদবির ছাড়া নিজেদের যোগ্যতায় প্রতিষ্ঠিত হতে পারে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।
সোমবার (১৮ মে) বিকেল ৪টায় কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, “আজকের স্কুল-কলেজের শিক্ষার্থীদের জন্যই আমাদের ভবিষ্যৎ বাংলাদেশ নির্মাণ করতে হবে। তারা যখন চাকরিতে যাবে, তখন যেন ঘুষ দিতে না হয়, কারও পেছনে দৌড়াতে না হয়। বর্তমান ব্যবস্থায় তরুণদের সম্ভাবনা বাধাগ্রস্ত হচ্ছে।”
মেধা ও দক্ষতার ভিত্তিতে কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে তিনি আরও বলেন, “সরকারকে এমন ব্যবস্থা করতে হবে যাতে প্রত্যেকে তার যোগ্যতা অনুযায়ী কাজ পায়। দেশে পর্যাপ্ত সুযোগ না থাকলে বিদেশেও সম্মানজনক কর্মসংস্থানের পথ তৈরি করতে হবে।” তবে দেশেই তরুণদের স্বপ্ন পূরণের পরিবেশ তৈরির ওপর তিনি বিশেষ জোর দেন।
পথসভায় পুলিশের ভূমিকা নিয়ে কথা বলেন এই সংসদ সদস্য। তিনি বলেন, “পুলিশকে দলীয় হাতিয়ার না হয়ে জনগণের পুলিশ হিসেবে দায়িত্ব পালন করতে হবে। কোনো অন্যায় নির্দেশ বাস্তবায়ন না করে দেশের ভবিষ্যৎ প্রজন্মের পাশে দাঁড়াতে হবে।”
মাদক সমস্যার সমাধানে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে হাসনাত আব্দুল্লাহ বলেন, “শুধু মাদকসেবী নয়, যারা রাজনৈতিক ছত্রছায়ায় মাদক ব্যবসা চালায়, তাদেরও আইনের আওতায় আনতে হবে। এদের বিরুদ্ধে কোনো আপস নেই।”
নারীদের রাজনৈতিক ও অর্থনৈতিক অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, “সমাজের অর্ধেক জনগোষ্ঠীকে পিছিয়ে রেখে উন্নয়ন সম্ভব নয়। শুধু ভোটের আগে নয়, নীতি নির্ধারণী পর্যায়েও নারীদের সক্রিয় ভূমিকা থাকতে হবে। প্রতিটি নারীকে শিক্ষিত ও কর্মসংস্থানের আওতায় আনতে হবে।”
তরুণদের সুস্থ ধারার রাজনীতিতে আসার আহ্বান জানিয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন, “চাঁদাবাজি বা টেন্ডারের রাজনীতি নয়, আমরা পরিবর্তনের রাজনীতি গড়তে চাই।”
সভায় সভাপতিত্ব করেন জাতীয় নাগরিক পার্টির ব্রাহ্মণপাড়া উপজেলা আহবায়ক জহিরুল হক সরকার। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ন সদস্য সচিব আলাউদ্দিন মুহাম্মদ, কেন্দ্রীয় মুখ্য যুগ্ম সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ, এডভোকেট মোহাম্মদ তারিকুল ইসলাম প্রমুখ।
পথসভায় স্থানীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা এলাকার সার্বিক উন্নয়নে সংসদ সদস্যের সহযোগিতা ও মেধাভিত্তিক সমাজ গঠনের অঙ্গীকার ব্যক্ত করেন।
আপনার মতামত লিখুন :