“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ও সমৃদ্ধ ভবিষ্যৎ” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে চুনারুঘাটে ভূমি সপ্তাহ মেলা ২০২৬ উপলক্ষে এক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে নামজারি (মিউটেশন) বিষয়ে জনসচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে।
সোমবার (১৮ মে) বিকাল সাড়ে ৩টায় চুনারুঘাট উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা ভূমি অফিস চুনারুঘাটের আয়োজনে এ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়।
প্রেস কনফারেন্সে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন চুনারুঘাটের সহকারী কমিশনার (ভূমি) মোঃ তৌফিক আনোয়ার। তিনি জানান, আগামী ১৯ থেকে ২১ মে পর্যন্ত অনুষ্ঠিতব্য ভূমিসেবা মেলা ২০২৬-এ জনগণকে আধুনিক ও ডিজিটাল ভূমিসেবা সম্পর্কে অবহিত করা হবে।
তিনি বলেন, সরকার ভূমি ব্যবস্থাপনাকে সম্পূর্ণ প্রযুক্তিনির্ভর ও জনবান্ধব করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। অনলাইনে নামজারি, খতিয়ান সংগ্রহ, ভূমি উন্নয়ন কর পরিশোধসহ বিভিন্ন ডিজিটাল সেবার ফলে সাধারণ মানুষের ভোগান্তি কমেছে এবং সেবার মান বৃদ্ধি পেয়েছে।
তিনি আরও বলেন, ভূমি সপ্তাহ মেলা ২০২৬-এর মাধ্যমে জনগণের মাঝে ভূমি সংক্রান্ত সচেতনতা বৃদ্ধি, দ্রুত সেবা নিশ্চিতকরণ এবং ভূমি অফিসকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও দুর্নীতিমুক্ত করার উদ্যোগ তুলে ধরা হবে।
এদিকে ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে দেশব্যাপী নামজারি বা মিউটেশন বিষয়ে জনসচেতনতামূলক প্রচারণাও চালানো হচ্ছে। প্রচারণায় জানানো হয়, কেবল দলিল সম্পাদনের মাধ্যমে জমির মালিকানা অর্জিত হলেও নামজারি ও জমাখারিজ সম্পন্ন করার মাধ্যমে সেই মালিকানার সরকারি স্বীকৃতি নিশ্চিত হয়। এতে জমির প্রকৃত মালিকানা সুরক্ষিত থাকে এবং ভবিষ্যতে আইনি জটিলতা অনেকাংশে কমে আসে।
সংশ্লিষ্টরা জানান, নামজারি না করলে জমি ক্রয়-বিক্রয়, দান বা হস্তান্তর, ভবন নির্মাণের অনুমোদন এবং ব্যাংক ঋণ গ্রহণসহ বিভিন্ন ক্ষেত্রে জটিলতার সৃষ্টি হতে পারে। এজন্য নাগরিকদের অনলাইনে নামজারি আবেদনসহ বিভিন্ন ডিজিটাল ভূমিসেবা গ্রহণে উদ্বুদ্ধ করা হচ্ছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ সহ সংশ্লিষ্টরা।
আপনার মতামত লিখুন :