আত্রাইয়ে ভূমি সেবা মেলা উদ্বোধন উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

"স্মার্ট ভূমি সেবা, স্মার্ট নাগরিক" এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে উৎসবমুখর পরিবেশে ভূমি সেবা মেলা ২০২৬ উপলক্ষ্যে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি দেশব্যাপী ভূমি মেলা ২০২৬ সকাল ১০ টায় শুভ উদ্বোধন করেন।

এরই অংশ হিসেবে মঙ্গলবার (১৯ মে) সকাল ১০ টায় উপজেলা ভূমি অফিস চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় ভূমি অফিস চত্বরে এসে শেষ হয়। উপজেলা ভূমি অফিসের আয়োজনে এই র‍্যালিতে স্থানীয় বিভিন্ন স্তরের সরকারি কর্মকর্তা ও সাংবাদিকরা অংশ নেন।

র‍্যালি শেষে উপজেলা ভূমি অফিস কার্যালয়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা সাধারণ মানুষের দোরগোড়ায় দ্রুত ও হয়রানিমুক্ত ভূমি সেবা পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

সহকারী কমিশনার (ভূমি) মো. নূরে আলম সিদ্দিক- এর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান। তিনি তাঁর বক্তব্যে বলেন, "ভূমি সেবা এখন আর আগের মতো জটিল বা সময়সাপেক্ষ বিষয় নয়। বর্তমান সরকারের ডিজিটাল ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অংশ হিসেবে ভূমি সেবাকে সম্পূর্ণ আধুনিকায়ন করা হয়েছে। এখন ঘরে বসেই নাগরিকরা ই-নামজারি, খতিয়ান ও ভূমি উন্নয়ন কর প্রদান করতে পারছেন। আমাদের লক্ষ্য হচ্ছে আত্রাই উপজেলার একটি মানুষও যেন ভূমি সংক্রান্ত সেবা নিতে এসে কোনো প্রকার হয়রানির শিকার না হন। দালালের প্রাদুর্ভাব রুখতে এবং শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর।

অনুষ্ঠানের সভাপতি ও সহকারী কমিশনার (ভূমি) তাঁর বক্তব্যে বলেন, ভূমি সেবা সপ্তাহ আয়োজনের মূল উদ্দেশ্যই হলো জনগণকে সচেতন করা এবং আমাদের সেবাসমূহ সরাসরি তাঁদের দোরগোড়ায় প্রদর্শন করা। ডিজিটাল ল্যান্ড সিস্টেমের কারণে এখন জালিয়াতি বা অনিয়মের সুযোগ প্রায় শূন্যের কোঠায়। আমরা আত্রাই উপজেলা ভূমি অফিসকে একটি জনবান্ধব ও সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলেছি। যেকোনো প্রয়োজনে আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন, কোনো মধ্যস্বত্বভোগীর দ্বারস্থ হবেন না।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার, উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল হান্নান, যুব উন্নয়ন অফিসার এসএম নাসির উদ্দীন, একাডেমি সুপার ভাইজার প্রদীপ কুমার সরকার, উপজেলা ভূমি সার্ভেয়ার মো. মিজানুর রহমান, প্রধান সহকারী মো. রাঙ্গ বাবু, অফিস সহকারী মো. একরামুল হক প্রমুখ।

আলোচনা সভা শেষে উপস্থিত সেবাগ্রহীতাদের মাঝে বিভিন্ন ই-সেবা বিষয়ক লিফলেট বিতরণ করা হয় এবং মেলায় স্থাপিত বুথ থেকে তাৎক্ষণিক ভূমি সেবা প্রদান করা হয়।

 

Link copied!