পর্দা নামলো বাকৃবির বীর প্রতীক এটিএম খালেদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের

আ. ন. ম. রিসালাত আলিফ , বাকৃবি সংবাদদাতা

প্রকাশিত: ১৮ মে, ২০২৬, ০৭:৫৪ পিএম

উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে পর্দা নামলো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) মাওলানা ভাসানী হল কর্তৃক আয়োজিত 'বীর প্রতীক এটিএম খালেদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট' এর।

সোমবার (১৮ মে) বিকেলে বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়াম সংলগ্ন মাঠে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়।

শ্বাসরুদ্ধকর ফাইনালে মুখোমুখি হয় দুই শক্তিশালী দল জেড ফোর্স ও ক্র্যাক প্লাটুন। পাল্টাপাল্টি আক্রমণ করেও প্রথমার্ধে উভয় দলই কোন গোলের দেখা পায় নি। দ্বিতীয়ার্ধে ক্র্যাক প্লাটুনের খেলোয়াড় শিবুর দূরপাল্লার জোরালো শট জেড ফোর্সের গোলকিপারের ভুলে জালে জড়িয়ে গেলে এগিয়ে যায় ক্র্যাক প্লাটুন। এরপর সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে জেড ফোর্স। তবে ক্র্যাক প্লাটুনের দৃঢ় রক্ষণভাগের সামনে ব্যর্থ হয় তাদের সব আক্রমণ। শেষ পর্যন্ত ১-০ গোলের জয়ে শিরোপা নিজেদের করে নেয় ক্র্যাক প্লাটুন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা ভাসানী হল প্রভোস্ট অধ্যাপক ড. মো. শরীফ আর রাফি। আরও উপস্থিত ছিলেন হাউজ টিউটর, শাখা ছাত্রদলের সদস্যসচিব শফিকুল ইসলাম শফিক, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান স্বপ্নীল, হলের শিক্ষার্থীবৃন্দসহ বিপুল সংখ্যক দর্শক।

খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে মেডেল ও ট্রফি বিতরণ করা হয়। ম্যান অব দ্যা ফাইনাল নির্বাচিত হন বিজয়ী দল ক্র্যাক প্লাটুনের শিবু।

প্রধান অতিথির বক্তব্যে প্রভোস্ট অধ্যাপক ড. মো. শরীফ আর রাফি বলেন, 'কাদামাটির মাঠেই ফুটবল খেলার আসল আনন্দ পাওয়া যায়। আজকের ম্যাচটিও তাই খুবই জমজমাট ছিল। চ্যাম্পিয়ন দলের পাশাপাশি আমি রানার্সআপ দলকেও অভিনন্দন জানাই। খেলাধুলার এমন আয়োজনের প্রতি হল প্রশাসনের সমর্থন সবসময় থাকবে। কারণ, এই খেলাধুলাই মন ভালো রাখে এবং মাদকসহ নানা নেতিবাচক বিষয় থেকে দূরে রাখতে সাহায্য করে।'

শাখা ছাত্রদলের সদস্য সচিব শফিকুল ইসলাম শফিক বলেন, 'প্রধানমন্ত্রী তারেক রহমান সারা দেশে তরুণ-তরুণী, যুবসমাজ ও শিশু-কিশোরদের সুস্থ, মানবিক ও বিবেকবান জাতি হিসেবে গড়ে তুলতে খেলাধুলার আয়োজনকে গুরুত্ব দিচ্ছেন। তাই দেশব্যাপী মেধাবী খেলোয়াড়দের বাছাই করে মাঠ পর্যায়ে আনা হচ্ছে।' এছাড়া খেলাধুলাকে কর্মসংস্থানের পর্যায়ে নিতেও সরকার কাজ করছে বলে তিনি উল্লেখ করেন।

 

Advertisement

Link copied!