খুলনায় ডয়েচে ভেলে একাডেমি ও ওয়েভ ফাউন্ডেশনের তিন দিনব্যাপী বুটক্যাম্প সম্পন্ন

ইব্রাহিম খলিল , খুবি প্রতিনিধি

প্রকাশিত: ১৭ মে, ২০২৬, ০৭:৫০ পিএম

বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় তরুণদের সক্রিয় ও দায়িত্বশীল অংশগ্রহণ নিশ্চিত করতে খুলনায় তিন দিনব্যাপী এক বুটক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। “Loud and Clear: Empowering Youth Voices 2.0” প্রকল্পের আওতায় ওয়েভ ফাউন্ডেশন এবং ডয়চে ভেলে একাডেমির (ডিডব্লিউএ) যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। এতে খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) এবং নর্দার্ন ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (এনইউবিটি) চারটি ক্লাবের মোট ৩০ জন শিক্ষার্থী অংশ নেন।

গত শনিবার (১৫ মে) খুলনার হোটেল সিটি ইনে “MIL, Digital Safety and Constructive Dialogue with University Students” শীর্ষক এই বুটক্যাম্প শুরু হয়ে আজ সোমবার (১৭ মে) বিকেল ৫টায় শেষ হয়। অংশগ্রহণকারী ক্লাবগুলো হলো— খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (খুবিসাস), টুয়ার্ডস সাসটেইনেবিলিটি খুলনা বিশ্ববিদ্যালয় নেটওয়ার্ক, ডিবেটিং ক্লাব ‘নৈয়ায়িক’ এবং নর্দার্ন ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি খুলনার ‘জেএমসি ক্লাব’।

ডয়চে ভেলে একাডেমির প্রশিক্ষক নাইমুর রহমানের তত্ত্বাবধানে প্রতিষ্ঠানটির পাঁচজন ফেলো কর্মসূচিটি পরিচালনা করেন। কর্মশালায় বর্তমান প্রেক্ষাপটে তরুণদের সামনে তথ্য বিভ্রান্তি (Misinformation), বিদ্বেষমূলক বক্তব্য, অনলাইন হয়রানি, গুজব এবং নারীদের বিরুদ্ধে ডক্সিংয়ের মতো চ্যালেঞ্জ মোকাবিলায় মিডিয়া ও তথ্য সাক্ষরতা (MIL), ডিজিটাল নিরাপত্তা এবং গঠনমূলক সংলাপের গুরুত্ব তুলে ধরা হয়। এর মাধ্যমে অংশগ্রহণকারীরা তথ্য যাচাই, দায়িত্বশীল মতামত প্রকাশ এবং গঠনমূলক আলোচনায় অংশগ্রহণের প্রায়োগিক দক্ষতা অর্জনের সুযোগ পান।

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং জার্মান ফেডারেল মিনিস্ট্রি ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্টের (বিএমজেড) অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।

সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডয়চে ভেলের প্রকল্প পরিচালক প্রিয়া অ্যাসেলবর্ন, প্রকল্প ব্যবস্থাপক জোনায়েদ ইকবাল, ওয়েভ ফাউন্ডেশনের উপ-পরিচালক নাজমা সুলতানা লিলি, প্রজেক্ট ম্যানেজার জুলিয়েট রোজেটি, প্রকল্প কর্মকর্তা (যোগাযোগ) সাইফুর রহমান, অর্থ কর্মকর্তা ফারহানা আক্তার এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি অধ্যাপক মোজাম্মেল হোসেন বকুল প্রমুখ।

উল্লেখ্য, “Loud and Clear: Empowering Youth Voices 2.0” প্রকল্পটি ২০২৫ সালের নভেম্বর থেকে ২০২৮ সালের ফেব্রুয়ারি পর্যন্ত দেশের রাজশাহী, খুলনা, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট অঞ্চলে পরিচালিত হচ্ছে। প্রকল্পটির মূল লক্ষ্য তরুণ ও নাগরিক সমাজের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠা এবং অন্তর্ভুক্তিমূলক নীতিনির্ধারণী প্রক্রিয়ায় তাদের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করা।

ওয়েভ ফাউন্ডেশন আশা করছে, এই প্রকল্পের মাধ্যমে তরুণরা তথ্যভিত্তিক মতামত গঠন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে ভূমিকা পালন করে গণতন্ত্রকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

 

Advertisement

Link copied!