কুমিল্লায় পুলিশ কল্যাণ সভা: পুরস্কৃত হলেন শ্রেষ্ঠ অফিসাররা

আলম চৌধুরী , সিনিয়র রিপোর্টার

প্রকাশিত: ২০ মে, ২০২৬, ১২:৫০ পিএম

কুমিল্লা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় ভালো কাজের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন পর্যায়ের অফিসার ও ফোর্সদের অর্থ পুরস্কার প্রদান করা হয়েছে। মঙ্গলবার ১৯ মে ২০২৬ খ্রিস্টাব্দ কুমিল্লা পুলিশ লাইন্সের ড্রিলশেড শহীদ আরআই এ.বি.এম আবদুল হালিম মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব পংকজ বড়ুয়ার সঞ্চালনায় সভাপতিত্ব করেন কুমিল্লা জেলার পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান।

কল্যাণ সভায় জেলার বিভিন্ন ইউনিট থেকে আগত সকল পদমর্যাদার পুলিশ সদস্যরা তাদের দাপ্তরিক ও ব্যক্তিগত বিভিন্ন সমস্যার কথা পুলিশ সুপারের সামনে তুলে ধরেন। পুলিশ সুপার মনোযোগ সহকারে সমস্যাগুলো শুনে তা দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

সভায় পুলিশ সুপার দায়িত্ব পালনে আরও বেশি সতর্কতা, পেশাদারিত্ব ও আন্তরিকতার ওপর গুরুত্বারোপ করেন। তিনি পুলিশ সদস্যদের নৈতিক স্খলন রোধ, প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখা, দক্ষতা বৃদ্ধি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা যথাযথভাবে অনুসরণ, নিরাপত্তা ও জনসেবামূলক কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান।

এছাড়াও আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর হাটে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ দিকনির্দেশনা দেন তিনি। হাটে আগত ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করা, যানজট নিয়ন্ত্রণ, জাল টাকা শনাক্তকরণ, চুরি-ছিনতাই প্রতিরোধ এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট সকল পুলিশ সদস্যকে দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশ প্রদান করা হয়।

এপ্রিল/২০২৬ মাসের কার্যক্রম মূল্যায়নে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ কর্মকর্তাদের নাম ঘোষণা করা হয়। শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে নির্বাচিত হন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইফুল মালিক এবং সহকারী পুলিশ সুপার (দেবিদ্বার সার্কেল) মোঃ শাহীন।

শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে ‘ক’ ক্যাটাগরিতে নির্বাচিত হন তৌহিদুল আনোয়ার এবং ‘খ’ ক্যাটাগরিতে নির্বাচিত হন টমাস বড়ুয়া। এছাড়া মাদক উদ্ধার অভিযানে বিশেষ অবদানের জন্য শ্রেষ্ঠ অফিসার হিসেবে সম্মাননা পান মোঃ ফারুক হোসেন।

সভায় ভালো কাজের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন অফিসার ও ফোর্সদের হাতে অর্থ পুরস্কার তুলে দেন পুলিশ সুপার। একইসঙ্গে তিনি ভবিষ্যতেও পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে জনগণের আস্থা অর্জনের আহ্বান জানান এবং ভালো কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কারের পরিমাণ আরও বাড়ানোর আশ্বাস দেন।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ইশতিয়াক হাসান আমীনসহ কুমিল্লা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন ইউনিটের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

 

Link copied!