কাঠালিয়ায় সাংবাদিককে মারধরের অভিযোগ, থানায় জিডি; অভিযুক্তদের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ

নিজস্ব সংবাদদাতা , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ০৩ জুন, ২০২৬, ০৪:০৩ পিএম

কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়া উপজেলার আমুয়া ইউনিয়নের মৎস্যজীবী দলের সভাপতি রাজ্জাক ফরাজী ও তার দ্বিতীয় স্ত্রী জেসমিন আক্তারের বিরুদ্ধে সাংবাদিককে মারধর, হুমকি প্রদান এবং বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, দৈনিক স্বাধীন বাংলা পত্রিকার স্টাফ রিপোর্টার প্রশান্ত কুমার দাসকে সাংবাদিকদের নিজ বাসভবনে সামনে অশালীন ভাষায় গালাগালি করা হয় এবং শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। অভিযোগে উল্লেখ করা হয়, এর আগের দিন দৈনিক মুক্ত খবর পত্রিকার স্টাফ রিপোর্টার শাওন মিয়াজীর ওপর হামলার ঘটনার প্রতিবাদ করায় প্রশান্ত কুমার দাসের ওপর এ হামলা চালানো হয়।

এ ঘটনায় সাংবাদিক প্রশান্ত কুমার দাস কাঠালিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেন। থানার জিডি নম্বর- ১১৮। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

স্থানীয় সূত্রে আরও অভিযোগ করা হয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শন, বিভিন্নভাবে হয়রানি এবং অর্থ আদায়ের অভিযোগ রয়েছে। এলাকার কয়েকজন সচেতন নাগরিক জানান, ভীতি ও চাপের কারণে অনেকেই প্রকাশ্যে মুখ খুলতে সাহস পান না। তারা প্রশাসনের কাছে অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এদিকে স্থানীয়দের অভিযোগ, রাজ্জাক ফরাজীর বিরুদ্ধে সংখ্যালঘু সম্প্রদায়ের জমি দখল, সাধারণ মানুষকে জিম্মি করে প্রভাব বিস্তার এবং আর্থিক অনিয়মের একাধিক অভিযোগ রয়েছে। এছাড়া মো. মতি নামের এক ব্যক্তির কাছ থেকে ব্ল্যাংক চেক নিয়ে ২৬ লাখ টাকার মামলা দায়েরের অভিযোগও স্থানীয়ভাবে আলোচিত হচ্ছে। তবে এসব অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে কোনো সরকারি তদন্ত প্রতিবেদন পাওয়া যায়নি।

এ রিপোর্ট লেখা পর্যন্ত অভিযুক্ত রাজ্জাক ফরাজী ও জেসমিন আক্তারের বক্তব্য পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী প্রতিবেদনে প্রকাশ করা হবে।

প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে এলাকাবাসীর প্রত্যাশা, অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্য উদঘাটন করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Link copied!