জয়পুরহাটের কালাই পৌর শহরে পানিতে ডুবে জোবায়ের হোসেন (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) সকালে পৌর এলাকার আঁওড়া কালিমহুর মহল্লার দড়াগাড়ি পুকুরে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত জোবায়ের স্থানীয় বাসিন্দা মো. জুয়েল রানার ছেলে।
পরিবার সূত্রে জানা গেছে, সকালে বাড়ির উঠানে সমবয়সী শিশুদের সঙ্গে খেলছিল জোবায়ের। একপর্যায়ে পরিবারের সদস্যদের চোখ ফাঁকি দিয়ে সে বাড়ির পাশের পুকুরের দিকে চলে যায়। পরে তাকে খুঁজে না পেয়ে পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।
একসময় স্থানীয়রা পুকুরে শিশুটিকে দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়দের ধারণা, খেলাধুলার সময় অসতর্কতাবশত পুকুরে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় পরিবারে শোকের মাতম বিরাজ করছে। শিশুটির অকাল মৃত্যুতে এলাকাজুড়েও নেমে এসেছে বিষাদের ছায়া।
আপনার মতামত লিখুন :