ময়মনসিংহের তারাকান্দা উপজেলার কামারিয়া ইউনিয়নের সাধুপাড়া গ্রামের বাসিন্দা বাবুল মিয়ার পরিবার প্রতিপক্ষের হুমকি-ধমকি ও ভয়ভীতির কারণে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে বলে অভিযোগ করেছে। পরিবারের দাবি, যেকোনো সময় তাদের বসতবাড়িতে হামলা, ভাঙচুর কিংবা অগ্নিসংযোগের ঘটনা ঘটতে পারে। এ পরিস্থিতিতে জানমাল ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে তারা।
শনিবার (৬ জুন) আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাবুল মিয়া অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে প্রতিবেশী নজরুল ইসলাম ও তার অনুসারীরা তাদের পরিবারের সদস্যদের বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন, হুমকি-ধমকি এবং হয়রানি করে আসছেন। এতে পরিবারটি চরম আতঙ্ক ও উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছে।
তিনি বলেন, "প্রতিপক্ষ বারবার আমাদের ভয়ভীতি দেখাচ্ছে। বাড়িঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের হুমকিও দেওয়া হচ্ছে। ফলে আমরা পরিবার-পরিজন নিয়ে চরম শঙ্কার মধ্যে রয়েছি। যেকোনো সময় অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে।"
বাবুল মিয়া আরও বলেন, তাদের পরিবার বর্তমানে নিরাপত্তাহীন অবস্থায় রয়েছে। এ অবস্থায় সম্ভাব্য অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন।
সংবাদ সম্মেলনে তিনি সংশ্লিষ্ট প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত, প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং তার পরিবারের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত নজরুল ইসলাম বা তার পরিবারের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
আপনার মতামত লিখুন :