ডেঙ্গুর বিস্তার রোধ এবং পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে ময়মনসিংহের ফুলপুরে দিনব্যাপী বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
এ উপলক্ষে একটি বর্ণাঢ্য সচেতনতামূলক র্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে গোলচত্বরে যায়। পরে গোলচত্বর থেকে র্যালিটি পুনরায় উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়।
র্যালিশেষে অংশগ্রহণকারীরা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান, বিশেষ করে ইসলামী ব্যাংকের সামনের এলাকা, পুরাতন শহীদ মিনারের বিপরীত পাশসহ বিভিন্ন মোড় ও জনসমাগমস্থলে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ করেন। অভিযানে ময়লা পরিবহনের জন্য কয়েকটি ট্রাক নিয়োজিত ছিল। এতে ৬ জন পরিচ্ছন্নতা কর্মী ও ৬ জন ক্লিনার সরাসরি অংশ নেন।
বিশেষ পরিচ্ছন্নতা অভিযানে নেতৃত্ব দেন সদ্য যোগদানকারী ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ইউসুফ। এ সময় উপস্থিত ছিলেন ফুলপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব সিদ্দিকুর রহমান, সদস্য সচিব হেলাল উদ্দিন হেলু, উপজেলা জামায়াতের আমীর প্রভাষক গোলাম কিবরিয়া, পৌর জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের সহসভাপতি ডাঃ মাওলানা আজহারুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা শামসুল হক, সাংগঠনিক সম্পাদক মাওলানা ফারুক হুসাইন, সহসাধারণ সম্পাদক মাওলানা আনিসুর রহমান, ফুলপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী মাহমুদুল ইসলাম জুয়েল, পৌর নির্বাহী কর্মকর্তা কামরুল হক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শিহাব উদ্দিন খান, ফুলপুর থানার সেকেন্ড অফিসার আব্দুল কাদের, পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা রায়হান কায়সার জুয়েল, প্রশাসনিক কর্মকর্তা গোলাম মোস্তফা, সাংবাদিক মিজানুর রহমান আকন্দ, মোঃ আব্দুল মান্নানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গ।
অভিযান চলাকালে ইউএনও মোহাম্মদ ইউসুফ বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগই যথেষ্ট নয়, বরং সাধারণ মানুষের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণও জরুরি। এসময় তিনি নিজেদের বাড়িঘর ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার মাধ্যমে ডেঙ্গুবাহী এডিস মশার প্রজননস্থল ধ্বংস করার আহ্বান জানান।
আপনার মতামত লিখুন :