ভয়াবহ ভূমিকম্পে নিহত অন্তত ৫

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ০৮ জুন, ২০২৬, ০১:২৭ পিএম

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় উপকূলে আঘাত হানা ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত পাঁচজন নিহত এবং আরও পাঁচজন আহত হয়েছেন। দেশটির পুলিশ এ হতাহতের তথ্য নিশ্চিত করেছে।

সোমবার (৮ জুন) স্থানীয় সময় সকাল ৭টা ৩৭ মিনিটে সংঘটিত এ ভূমিকম্পে দক্ষিণ ফিলিপাইনের বিস্তীর্ণ এলাকা কেঁপে ওঠে। ভূমিকম্পের পর সমুদ্রপৃষ্ঠে অস্বাভাবিক পরিবর্তন ও ছোট আকারের ঢেউ রেকর্ড হওয়ায় এখনও সুনামি সতর্কতা প্রত্যাহার করা হয়নি।

পুলিশ জানিয়েছে, ভূমিকম্পে অন্তত ৩৭টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, যার বেশিরভাগই বাণিজ্যিক স্থাপনা। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে উৎপত্তিস্থলের কাছাকাছি অবস্থিত জেনারেল সান্তোস সিটি থেকে।

প্রবল কম্পনে কয়েকটি বহুতল ভবন ধসে পড়ে এবং বিভিন্ন সড়কে বড় ধরনের ফাটল সৃষ্টি হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে জনপ্রিয় ফাস্টফুড চেইন ‘জলিবি’র অন্তত দুটি শাখা ভবন ধসে পড়ার দৃশ্য দেখা গেছে। আকস্মিক এই দুর্যোগে আতঙ্কিত মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটে যান।

ফিলিপাইন ইনস্টিটিউট অব ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি (ফিভলকস) জানিয়েছে, মূল ভূমিকম্পের পর অন্তত ১৬টি আফটারশক অনুভূত হয়েছে। এসব কম্পনের মাত্রা ছিল ১ দশমিক ৩ থেকে ৬ দশমিক ৭ পর্যন্ত, যা স্থানীয়দের মধ্যে উদ্বেগ আরও বাড়িয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, সমুদ্রপৃষ্ঠে এখনও পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে এবং কয়েক সেন্টিমিটার উচ্চতার ঢেউ রেকর্ড করা হয়েছে। এ কারণে উপকূলীয় এলাকায় সতর্কতা জারি রাখা হয়েছে।

এদিকে, ফিলিপাইন রেড ক্রস সর্বোচ্চ সতর্ক অবস্থায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত ভবনগুলোর কাঠামোগত নিরাপত্তা যাচাই করা হচ্ছে। স্থানীয় প্রশাসন উপকূলবর্তী ও নিম্নাঞ্চলের বাসিন্দাদের সমুদ্রসৈকত এড়িয়ে উঁচু ও নিরাপদ স্থানে অবস্থান করার নির্দেশ দিয়েছে।

Advertisement

Link copied!