মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের আগুন জ্বলে উঠলে ইসরায়েলকে আর আগের মতো নিঃশর্ত সমর্থন নাও দিতে পারে যুক্তরাষ্ট্র—এমনই কঠোর বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের সঙ্গে সংঘাত পুনরায় শুরু হলে ইসরায়েলকে একাই এর পরিণতি মোকাবিলা করতে হতে পারে বলে সতর্ক করেছেন তিনি।
স্থানীয় সময় সোমবার (৮ জুন) ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি এই সতর্কবার্তা দেন ট্রাম্প। সাম্প্রতিক সংঘাতের পর ইরান ও ইসরাইল উভয়ই হামলা স্থগিত করার ঘোষণা দেওয়ার পরপরই তিনি এ মন্তব্য করেন।
মার্কিন প্রেসিডেন্ট তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে উভয় পক্ষকে সংযত থাকার আহ্বান জানান। তিনি বলেন, শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে চূড়ান্ত আলোচনা এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি হয়েছে। তবে ‘অজ্ঞতা কিংবা বোকামি’ সেই প্রক্রিয়াকে ব্যাহত করতে পারে বলেও সতর্ক করেন তিনি।
গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ট্রাম্প সরাসরি ফোন করে নেতানিয়াহুকে সামরিক অভিযান থেকে বিরত থাকার অনুরোধ জানান। পরে সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি বিবিকে (নেতানিয়াহু) বলেছি, সাবধান থাকো। না হলে খুব শিগগিরই তোমাকে একাই লড়তে হবে।’
এর আগে রোববার (৭ জুন) হিজবুল্লাহর রকেট হামলার জবাবে বৈরুতের দক্ষিণাঞ্চলে বিমান হামলা চালায় ইসরাইল। একই সময়ে উত্তর ইসরাইলে হামলা চালায় ইরান। এর প্রতিক্রিয়ায় তেহরানের বিভিন্ন স্থানে পাল্টা আঘাত হানে ইসরাইল, যা অঞ্চলজুড়ে নতুন করে উত্তেজনা সৃষ্টি করে।
তবে পরিস্থিতি আরও জটিল হওয়ার আগেই ট্রাম্পের মধ্যস্থতার আহ্বানে সাড়া দিয়ে ইরান ও ইসরাইল উভয় দেশই পাল্টাপাল্টি হামলা সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। সোমবার (৮ জুন) পৃথকভাবে এ ঘোষণা দেয় দুই দেশ।
আপনার মতামত লিখুন :