বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সালমান শাহর মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তার দেহাবশেষ তৃতীয়বারের মতো কবর থেকে উত্তোলনের অনুমতি দিয়েছেন আদালত। একই সঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে দেহাবশেষ উত্তোলন, সুরতহাল প্রতিবেদন প্রস্তুত এবং পুনরায় ময়নাতদন্ত সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা গত ২৪ মে এ আদেশ দেন। এর আগে ২০ মে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক জিয়াউল মোর্শেদ আদালতে এ বিষয়ে আবেদন করেন।
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনে নিজ বাসা থেকে সালমান শাহর মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর তার বাবা কমরউদ্দিন আহমদ চৌধুরী প্রথমে একটি অপমৃত্যুর মামলা দায়ের করেন। পরবর্তীতে ১৯৯৭ সালের ২৪ জুলাই তিনি ঘটনাটিকে হত্যা হিসেবে উল্লেখ করে মামলাটি রূপান্তরের আবেদন করেন।
এরপর বিভিন্ন সময়ে একাধিক তদন্তে সালমান শাহর মৃত্যুকে আত্মহত্যা বলে উল্লেখ করা হলেও তার পরিবার শুরু থেকেই সেই সিদ্ধান্তের বিরোধিতা করে আসছে। পরিবারের দাবি, মৃত্যুর পেছনের প্রকৃত রহস্য এখনও উদঘাটিত হয়নি এবং এ বিষয়ে নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্ত প্রয়োজন।
সাম্প্রতিক আদালতের এ নির্দেশের ফলে দীর্ঘদিন ধরে আলোচিত এ মৃত্যুরহস্য তদন্তে নতুন মাত্রা যোগ হলো। এখন পুনরায় ময়নাতদন্ত ও ফরেনসিক বিশ্লেষণের মাধ্যমে ঘটনার প্রকৃত সত্য উদঘাটনের সম্ভাবনা তৈরি হয়েছে।
আপনার মতামত লিখুন :