লামায় ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার

মো: ইনতাজ হোসেন , বান্দরবান প্রতিনিধি

প্রকাশিত: ১২ জুন, ২০২৬, ০৫:২৭ পিএম

বান্দরবানের লামা উপজেলায় জোরপূর্বক ধর্ষণের চেষ্টা মামলার এজাহারভুক্ত প্রধান পলাতক আসামি নাছির মাঝি (৫০)-কে গ্রেফতার করেছে লামা থানা পুলিশ।

শুক্রবার (১২ জুন) রাত ১টা ১০ মিনিটে পরিচালিত এক বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। বান্দরবান পার্বত্য জেলার সহকারী পুলিশ সুপার (লামা সার্কেল) মাসুম সরদার এবং লামা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শাহজাহান কামাল-এর সার্বিক তত্ত্বাবধান ও দিকনির্দেশনায় অভিযানটি পরিচালিত হয়।

পুলিশ সূত্রে জানা যায়, এসআই জামিল আহমদ ও সঙ্গীয় ফোর্সের অভিযানে ৩নং ফাঁসিয়াখালী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বনফুর বড়পাড়া বাইশখাইল্ল্যা ঝিরি মুসলিমপাড়ায় নিজ বসতঘর থেকে নাছির মাঝিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত নাছির মাঝি মৃত মজু মাঝি ও মৃত আনোছা খাতুনের ছেলে। তিনি লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ২৮৪নং ইয়াংছা মৌজার বাইশখাইল্ল্যা ঝিরি মুসলিমপাড়ার স্থায়ী বাসিন্দা।

পুলিশ আরও জানায়, তার বিরুদ্ধে লামা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(৪)(খ) ধারা এবং পেনাল কোড, ১৮৬০-এর ৫০৬(২) ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলাটি লামা থানার মামলা নং-০৫, তারিখ: ১১ জুন ২০২৬ হিসেবে রুজু রয়েছে।

গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

লামা থানা পুলিশ জানিয়েছে, এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং পলাতক আসামিদের গ্রেফতারে তাদের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

Advertisement

Link copied!