মোঃ আরিফুল ইসলাম ফারহান: কুমিল্লা নগরীর মুরাদপুর এলাকায় র্যাব-১১ এর মাদকবিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে তার হেফাজত থেকে ৬৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়। র্যাবের দাবি, গ্রেপ্তারকৃত নারী দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করে আসছিলেন।
র্যাব-১১, সিপিসি-২, কুমিল্লা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৩ জুন দিবাগত রাতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার ২য় মুরাদপুর এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কবরী আক্তার (৩২) নামের এক নারীকে আটক করা হয়। পরে তার দখলে থাকা মাদকদ্রব্য তল্লাশি করে ৬৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত কবরী আক্তার কুমিল্লা সদর উপজেলার ২য় মুরাদপুর এলাকার বাসিন্দা এবং রুবেল মিয়ার স্ত্রী বলে জানিয়েছে র্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে স্থানীয় ও আন্তঃজেলা মাদক ব্যবসায়ীদের কাছে পাইকারি এবং খুচরা মূল্যে বিক্রি করে আসছিলেন বলে তথ্য পাওয়া গেছে।
র্যাব কর্মকর্তারা জানান, সীমান্তবর্তী অঞ্চলগুলোকে ব্যবহার করে একটি সংঘবদ্ধ চক্র বিভিন্ন ধরনের মাদক দেশের অভ্যন্তরে ছড়িয়ে দিচ্ছে। এসব চক্রের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি জোরদার করার পাশাপাশি নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় এ অভিযান চালিয়ে উল্লেখযোগ্য পরিমাণ মাদক উদ্ধার করা সম্ভব হয়েছে।
র্যাব-১১ এর পক্ষ থেকে জানানো হয়, মাদক ব্যবসা সমাজ ও যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তাই মাদক নির্মূলে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির আলোকে র্যাব নিয়মিত অভিযান পরিচালনা করছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
র্যাব-১১ এর তথ্যমতে, ২০২৪ সালের ৫ আগস্ট থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত তাদের দায়িত্বপূর্ণ এলাকায় পরিচালিত বিভিন্ন অভিযানে ৭৩৬ জনেরও বেশি মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে এবং বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এছাড়া হত্যা, ধর্ষণ, অস্ত্র, অপহরণ, ডাকাতি, প্রতারণাসহ বিভিন্ন অপরাধে জড়িত বহু আসামিকে আইনের আওতায় আনা হয়েছে।
গ্রেপ্তারকৃত কবরী আক্তারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
আপনার মতামত লিখুন :