মনোহরগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আলম চৌধুরী , সিনিয়র রিপোর্টার

প্রকাশিত: ১৪ জুন, ২০২৬, ০১:১৫ পিএম

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মনোহরগঞ্জ থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদ আহমেদ-এর সার্বিক দিকনির্দেশনায় এসআই (নিঃ) মোঃ আকবর হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ১৩ জুন রাতে মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিলের দায়িত্ব পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন।

গোপন তথ্য অনুযায়ী, উপজেলার ৪ নং উত্তর ঝলম ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের দেবপুর নরহরিপুর বাজার সংলগ্ন দেবপুর গার্লস হাইস্কুলের পিছনের পাকা সড়কে একদল ব্যক্তি ইয়াবা বিক্রির জন্য অবস্থান করছিল। এমন সংবাদের ভিত্তিতে রাত প্রায় ১১টা ৪৫ মিনিটে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে একজন ব্যক্তি পালানোর চেষ্টা করে। তাৎক্ষণিকভাবে পুলিশের চৌকস অভিযানে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তির নাম মোঃ জাহেদুল ইসলাম প্রকাশ শাকিল (১৯)। তিনি দেবপুর (চৌকিদার বাড়ি) এলাকার বাসিন্দা এবং জামাল হোসেনের ছেলে।

পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তার দেহ তল্লাশি চালানো হলে তিনি নিজেই তার প্যান্টের সামনের ডান পকেট থেকে একটি স্বচ্ছ পলিথিনে মোড়ানো ৪০ পিস ইয়াবা ট্যাবলেট বের করে দেন। উদ্ধারকৃত ইয়াবার মোট ওজন প্রায় ৪ গ্রাম। পুলিশ ঘটনাস্থলেই জব্দ তালিকা প্রস্তুত করে আলামত জব্দ করে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত শাকিল এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে জনশ্রুতি রয়েছে। তিনি বিক্রয়ের উদ্দেশ্যে অবৈধ মাদকদ্রব্য নিজের হেফাজতে রাখায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

মনোহরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং সমাজ থেকে মাদক নির্মূলে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। পুলিশের এ অভিযানে এলাকায় স্বস্তি ফিরে এসেছে এবং স্থানীয় সচেতন মহল এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে।

Advertisement

Link copied!