কুমিল্লায় মাদকবিরোধী গণবিচারে কঠোর সামাজিক প্রতিরোধের ডাক

নিউজ ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ১৪ জুন, ২০২৬, ১২:০৯ পিএম

ফখরুল ইসলাম ,চান্দিনা :কুমিল্লার চান্দিনা উপজেলার মাইজখার ইউনিয়নের বীরখাল গ্রামে মাদকবিরোধী সচেতনতামূলক গণবিচার অনুষ্ঠিত হয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে আয়োজিত এই গণবিচারে এলাকার গণ্যমান্য ব্যক্তি, যুবসমাজ ও সাধারণ গ্রামবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

শনিবার বিকেলে বীরখাল ঈদগাহ মাঠে অনুষ্ঠিত এই গণবিচার সভায় বক্তারা বলেন, বর্তমান সমাজে মাদকের ভয়াবহ বিস্তার যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। মাদকের কারণে পরিবার, সমাজ ও রাষ্ট্র নানা ধরনের ক্ষতির সম্মুখীন হচ্ছে। তাই মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার এখনই উপযুক্ত সময়।

বক্তারা আরও বলেন, শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করলে মাদকের বিস্তার রোধ করা সম্ভব নয়। মাদক নির্মূলে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান এবং স্থানীয় জনগণকে একযোগে কাজ করতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করে তুলতে হবে এবং তাদেরকে খেলাধুলা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে।

গণবিচার সভায় উপস্থিত গ্রামবাসীরা মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে কঠোর সামাজিক অবস্থান গ্রহণের ঘোষণা দেন। তারা বলেন, যারা মাদক ব্যবসা বা মাদকসেবনের সঙ্গে জড়িত থাকবে, তাদেরকে সমাজ থেকে বয়কট করা হবে। কোনো ধরনের সামাজিক অনুষ্ঠান কিংবা জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তাদের সম্পৃক্ত করা হবে না। পাশাপাশি মাদকের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে সামাজিকভাবে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

তবে মানবিক দৃষ্টিকোণ থেকে বক্তারা বলেন, কেউ যদি আন্তরিকভাবে মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে চায়, তাহলে সমাজ তার পাশে দাঁড়াবে। তাকে পুনর্বাসনের সুযোগ দেওয়া হবে এবং সমাজে তার মর্যাদা ফিরিয়ে আনার জন্য সহযোগিতা করা হবে। প্রয়োজন হলে কর্মসংস্থানের ব্যবস্থাও করা হবে, যাতে সে নতুনভাবে জীবন শুরু করতে পারে।

এ সময় গ্রামবাসীরা মাদকমুক্ত বীরখাল গড়ার প্রত্যয় ব্যক্ত করে বলেন, মাদক সমাজের জন্য একটি অভিশাপ। ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষার স্বার্থে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন আরও জোরদার করা হবে। তারা মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন।

সভা শেষে উপস্থিত জনসাধারণ মাদকবিরোধী বিভিন্ন স্লোগান দেন এবং সমাজ থেকে মাদক নির্মূলে সকলকে সচেতন ও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান। গ্রামবাসীরা আশা প্রকাশ করেন, এই ধরনের সামাজিক উদ্যোগের মাধ্যমে মাদকের বিস্তার রোধ করা সম্ভব হবে এবং একটি সুস্থ, সুন্দর ও নিরাপদ সমাজ গড়ে উঠবে।

Advertisement

Link copied!