স্থানীয় সরকার, পল্লী ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, মহাসড়কের পাশে কোনো ধরনের ময়লার ভাগাড় করা যাবে না। জনস্বাস্থ্যের ক্ষতি হবে না এমন জায়গায় ময়লার ভাগাড় বা ল্যান্ডফিল্ড করতে হবে। আমরা ইতিমধ্যেই দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে এমন নির্দেশনা দিয়ে দিয়েছি।
রবিবার সকালে রূপগঞ্জের গোলাকান্দাইল ও ভুলতা গাউছিয়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক ও ঢাকা বাইপাস সড়কের পাশের ময়লার ভাগাড় অপসারণ কার্যক্রম পরিদর্শন করে সেখানে বৃক্ষরোপণ শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
এসময় তিনি আরও বলেন, রূপগঞ্জের ময়লার ভাগাড়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নজরে এসেছে। তিনি আমাদেরকে নোটিশ করেছেন, এই কারণে আমরা এটি পরিদর্শনে এসেছি। ঈদের ছুটিতে এখানে ময়লা ফেলা হয়েছে। গত দুইদিন ধরে এ ময়লার ভাগাড় অপসারণের কাজ চলছে। পরবর্তীতে যাতে এখানে ময়লা না ফেলা হয় সেটির ব্যাপারে স্থানীয় প্রশাসন পদক্ষেপ নেবে।
বিদেশি অনেক কোম্পানি আছে যারা ময়লা আবর্জনা থেকে জৈব সার ও মিথেন গ্যাস তৈরির কাজ করছে। যখন এই ময়লাকে পুনরায় সার অথবা গ্যাস তৈরি করে ব্যবহার করা হবে তখন ময়লা আবর্জনার সংখ্যা অনেকটা কমে যাবে।
এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহফুজুর রহমান হূমায়ুন, সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন সহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মী ও স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ।
আপনার মতামত লিখুন :