পদ্ম-শাপলার সৌন্দর্যে মোড়া রাজশাহী কলেজের পদ্মপুকুর

সুশ্রী সরকার , রাজশাহী কলেজ প্রতিনিধি

প্রকাশিত: ১৬ জুন, ২০২৬, ০৬:৪৯ পিএম

শতবর্ষের ঐতিহ্য, লাল ইটের প্রাচীন স্থাপত্য, বিস্তৃত সবুজ চত্বর আর প্রকৃতির অপার সৌন্দর্যের সমন্বয়ে গড়ে ওঠা রাজশাহী কলেজ দেশের অন্যতম নান্দনিক শিক্ষাপ্রতিষ্ঠান। এই ঐতিহ্যবাহী ক্যাম্পাসের হৃদয়ে নীরবে সৌন্দর্য বিলিয়ে যাচ্ছে - পদ্মপুকুর। বছরের অধিকাংশ সময়জুড়ে পদ্ম ও শাপলার রঙিন সমারোহে সেজে থাকা এই পুকুর শিক্ষার্থীদের আবেগ, প্রশান্তি ও অনুপ্রেরণার এক অনন্য আশ্রয়স্থল।

রাজশাহী কলেজের প্রশাসনিক ভবনের পেছনে অবস্থিত পদ্মপুকুরটি দীর্ঘদিন ধরেই শিক্ষার্থী ও দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। বর্ষা ও শরৎ মৌসুমে পুকুরজুড়ে ফুটে ওঠে গোলাপি, সাদা ও লাল পদ্ম। এর সঙ্গে যুক্ত হয় নানা রঙের শাপলা। পানির বুকে ভেসে থাকা এসব ফুল দূর থেকেই নজর কাড়ে। সবুজ পদ্মপাতা আর রঙিন ফুলের মেলবন্ধন যেন প্রকৃতির নিজ হাতে আঁকা এক জীবন্ত চিত্রকর্ম।

ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে পদ্মপুকুরের সৌন্দর্য যেন নতুন রূপে ধরা দেয়। পদ্মপাতার ওপর জমে থাকা শিশিরবিন্দুতে সূর্যের আলো প্রতিফলিত হয়ে তৈরি করে অপূর্ব দৃশ্য। চারপাশের ছায়াঘেরা বৃক্ষ, পাখির কলতান এবং মৃদুমন্দ বাতাস পরিবেশকে আরও মনোমুগ্ধকর করে তোলে। প্রকৃতির এই নিবিড় উপস্থিতি ব্যস্ত শিক্ষাজীবনের মাঝেও শিক্ষার্থীদের কিছুটা স্বস্তির পরশ এনে দেয়।

ক্লাস শেষে কিংবা অবসরের সময় অনেক শিক্ষার্থী পদ্মপুকুরের ধারে এসে বসেন। কেউ বন্ধুদের সঙ্গে আড্ডা দেন, কেউ ছবি তোলেন, আবার কেউ প্রকৃতির সান্নিধ্যে কিছুটা নির্জন সময় কাটান। পরীক্ষার চাপ কিংবা ব্যক্তিগত ক্লান্তির মুহূর্তেও এই স্থান অনেকের কাছে মানসিক প্রশান্তির উৎস হয়ে ওঠে।

দর্শন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী প্রীতি চৌধুরী বলেন, পদ্মফুল প্রকৃতির এক অনন্য সৃষ্টি। এটি সৌন্দর্য, পবিত্রতা ও শান্তির প্রতীক। রাজশাহী কলেজের পদ্মপুকুর এমন একটি স্থান, যেখানে প্রকৃতির সৌন্দর্য উপভোগের পাশাপাশি মানসিক প্রশান্তিও পাওয়া যায়। এখানে এলেই মন ভালো হয়ে যায়।

সংস্কৃত বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রায়হান বলেন, ক্লাস শেষে একঘেয়েমি দূর করতে কিংবা মন খারাপের দিনে পদ্মপুকুর আমাদের নিত্যসঙ্গী। শুধু শিক্ষার্থীরাই নয়, বিভিন্ন স্থান থেকে আসা দর্শনার্থীরাও এর সৌন্দর্যে মুগ্ধ হন।

শিক্ষার্থীদের পাশাপাশি রাজশাহী কলেজে ঘুরতে আসা দর্শনার্থীদের কাছেও পদ্মপুকুর বিশেষ আকর্ষণের জায়গা। অনেকেই ক্যাম্পাসে এসে কিছু সময় এই পুকুরের পাশে কাটান। বিশেষ করে পদ্ম ও শাপলা ফুলে ভরা মৌসুমে দর্শনার্থীদের উপস্থিতি আরও বেড়ে যায়।

কলেজ প্রশাসনের তত্ত্বাবধানে পদ্মপুকুরের নিয়মিত পরিচর্যা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করা হচ্ছে। ফলে প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি পরিবেশগত ভারসাম্যও বজায় থাকছে। শিক্ষার্থীদের সচেতন অংশগ্রহণও পুকুরটির সৌন্দর্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

প্রযুক্তিনির্ভর ব্যস্ত সময়ের এই যুগে প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্ক ক্রমেই দূরে সরে যাচ্ছে। এমন বাস্তবতায় রাজশাহী কলেজের পদ্মপুকুর শিক্ষার্থীদের কাছে প্রকৃতির কাছাকাছি যাওয়ার এক অনন্য সুযোগ তৈরি করেছে। পদ্ম-শাপলার রঙিন সমারোহ, শতবর্ষী ঐতিহ্যের আবহ এবং সবুজে ঘেরা শান্ত পরিবেশ রাজশাহী কলেজের সৌন্দর্য, ঐতিহ্য ও প্রাণচাঞ্চল্যের এক জীবন্ত প্রতীক। প্রতিদিন নতুন করে অসংখ্য মানুষকে মুগ্ধ করে চলা এই পদ্মপুকুর যেন নীরবে বলে যায় প্রকৃতির সৌন্দর্যের কোনো বিকল্প নেই।

 

Link copied!