সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত বেড়ে ১২ হাজার ৭৬৩ কোটি টাকা

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ১৮ জুন, ২০২৬, ০৭:২০ পিএম

সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমা রাখা অর্থের পরিমাণ ২০২৫ সালে উল্লেখযোগ্যভাবে বেড়ে ১২ হাজার ৭৬৩ কোটি টাকায় পৌঁছেছে। বৃহস্পতিবার (১৮ জুন) প্রকাশিত সুইস ন্যাশনাল ব্যাংক (এসএনবি)-এর সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, ব্যক্তি ও বিভিন্ন ব্যাংকের মাধ্যমে সুইস ব্যাংকে রাখা বাংলাদেশি আমানত এক বছরে ৪১ শতাংশ বৃদ্ধি পেয়ে ৮৩৪ দশমিক ২ মিলিয়ন সুইস ফ্রাঁতে দাঁড়িয়েছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ১২ হাজার ৭৬৩ কোটি টাকা।

২০২৪ সালে এই আমানতের পরিমাণ ছিল ৫৯০ মিলিয়ন সুইস ফ্রাঁ। সে তুলনায় ২০২৫ সালে ৩ হাজার ৬০০ কোটিরও বেশি টাকা নতুন করে যোগ হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এটি গত চার বছরের মধ্যে সর্বোচ্চ আমানতের পরিমাণ এবং বাংলাদেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। এর আগে ২০২১ সালে বাংলাদেশিদের সুইস ব্যাংকে আমানত সর্বোচ্চ ৮৭১ দশমিক ১ মিলিয়ন সুইস ফ্রাঁতে পৌঁছেছিল, যা এখনো সর্বকালের সর্বোচ্চ রেকর্ড হিসেবে রয়েছে।

Link copied!