প্রধানমন্ত্রীর নির্দেশে বদলানো হচ্ছে ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ১৯ জুন, ২০২৬, ১০:১৫ পিএম

বগুড়ার মোকামতলা উপজেলার নবগঠিত ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। শুক্রবার (১৯ জুন) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান।

তিনি জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ইউনিয়ন দুটির নতুন নাম নির্ধারণের প্রক্রিয়া শুরু হয়েছে। এ ক্ষেত্রে স্থানীয় জনগণের মতামত, এলাকার ইতিহাস-ঐতিহ্য এবং ভৌগোলিক বৈশিষ্ট্যকে গুরুত্ব দেওয়া হবে। এ লক্ষ্যে পুনরায় গণশুনানিরও আয়োজন করা হবে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নতুন নাম চূড়ান্ত হওয়ার পর প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তা সরকারি গেজেটে প্রকাশ করা হবে।

উল্লেখ্য, ইউনিয়ন দুটির নাম প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দুই সন্তানের নামের সঙ্গে আংশিক সাদৃশ্যপূর্ণ হওয়ায় বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। এতে বিভ্রান্তি ও নানা ব্যাখ্যার সুযোগ তৈরি হওয়ায় প্রতিমন্ত্রীও বিব্রত বোধ করেন। পরবর্তীতে কোনো ধরনের বিতর্ক বা অপপ্রচার এড়াতে ইউনিয়ন দুটির নাম পরিবর্তনের অনুরোধ তিনি নিজেই জেলা প্রশাসকের কাছে জানান।

Link copied!