ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৮জুন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন

দীর্ঘ এক বছরেরও বেশি সময় বিরতির পর আগামী ২৮ জুন সারাদেশের ন্যায় চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলাতেও অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার বিভিন্ন কেন্দ্রে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের বিনামূল্যে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। 

ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ উপজেলার ৪৮০টি নির্ধারিত কেন্দ্র এবং কয়েকটি ভ্রাম্যমাণ ক্যাম্পের মাধ্যমে এই কর্মসূচি পরিচালিত হবে। স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, কর্মচারী, পরিবার পরিকল্পনা কর্মী, স্বেচ্ছাসেবক ও মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীরা শিশুদের ক্যাপসুল খাওয়ানোর দায়িত্ব পালন করবেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল আলম বলেন, “ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। অধিকাংশ ভিটামিন ‘এ’ ক্যাপসুল ইতোমধ্যে উপজেলায় পৌঁছেছে। বাকি সরঞ্জামও নির্ধারিত সময়ের মধ্যে হাতে পাওয়া যাবে। অভিভাবকদের উচিত নির্ধারিত দিনে নিকটস্থ কেন্দ্রে গিয়ে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো নিশ্চিত করা।”

তিনি আরও বলেন, “ভিটামিন ‘এ’ শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, অপুষ্টি প্রতিরোধে সহায়তা করে এবং রাতকানা ও অন্ধত্বের ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই কোনো শিশুকে এ কর্মসূচির বাইরে রাখা উচিত নয়।” জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান (আইপিএইচএন) সূত্রে জানা গেছে, এবারের জাতীয় ক্যাম্পেইনের আওতায় সারা দেশে মোট ২ কোটি ৩৫ লাখ ১৪ হাজার ৯৭২ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ২৮ লাখ ৩৮ হাজার ৭৯৪ জন শিশু নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২ কোটি ৫ লাখ ৭৬ হাজার ১৭৮ জন শিশু লাল রঙের উচ্চমাত্রার ভিটামিন ‘এ’ ক্যাপসুল পাবে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশব্যাপী প্রায় ১ লাখ ২০ হাজার কেন্দ্র এবং অতিরিক্ত ৫০০টি মোবাইল কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে, যাতে ভ্রমণরত ও দুর্গম এলাকার শিশুরাও এ সেবার আওতায় আসে। 

আগামী ২৮ জুন নির্ধারিত কেন্দ্রে শিশুদের নিয়ে এসে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে অংশগ্রহণের মাধ্যমে শিশুর সুস্বাস্থ্য নিশ্চিত করতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সকল অভিভাবকদের প্রতি আহবান জানিয়েছেন।

Advertisement

Link copied!