চলতি জুন মাসের প্রথম তেইশ দিনেই প্রবাসীদের পাঠানো অর্থের পরিমাণ সাতাশ হাজার কোটি টাকা অতিক্রম করেছে। এ সময়ে দেশে এসেছে দুইশ তেইশ কোটি আশি লাখ মার্কিন ডলার, যা বর্তমান বিনিময় হার অনুযায়ী সাতাশ হাজার কোটি টাকারও বেশি।
বুধবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেন। কেন্দ্রীয় ব্যাংকের হিসাব অনুযায়ী, জুন মাসের প্রথম তেইশ দিনে গড়ে প্রতিদিন দেশে এসেছে প্রায় নয় কোটি তিয়াত্তর লাখ ডলার প্রবাসী আয়।
তথ্য বলছে, গত বছরের একই সময়ে প্রবাসীরা দেশে পাঠিয়েছিলেন দুইশ বিশ কোটি নব্বই লাখ ডলার। সে তুলনায় চলতি বছরে প্রবাসী আয়ের প্রবাহ আরও বেড়েছে।
চলতি অর্থবছরের শুরু থেকে গত তেইশ জুন পর্যন্ত দেশে মোট প্রবাসী আয় এসেছে তিন হাজার চারশ নিরানব্বই কোটি পঞ্চাশ লাখ ডলার। আগের অর্থবছরের একই সময়ে এ পরিমাণ ছিল দুই হাজার নয়শ একাত্তর কোটি পঞ্চাশ লাখ ডলার। ফলে এক বছরের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে প্রায় সতেরো দশমিক আশি শতাংশ।
এর আগে গত মে মাসে দেশে এসেছিল দুইশ সাতানব্বই কোটি ডলার প্রবাসী আয়, যার মূল্যমান প্রায় ছত্রিশ হাজার দুইশ চৌত্রিশ কোটি টাকা। এটি দেশের ইতিহাসে এক মাসে অর্জিত দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয় হিসেবে বিবেচিত হচ্ছে।
অর্থনীতিবিদদের মতে, প্রবাসী আয়ের ধারাবাহিক বৃদ্ধি দেশের বৈদেশিক মুদ্রার ভান্ডারকে শক্তিশালী করার পাশাপাশি সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলছে।
আপনার মতামত লিখুন :