ফেনীর ফুলগাজী উপজেলায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইসলাম ধর্ম নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত এক যুবককে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের ফতেপুর পালপাড়া গ্রামের বাসিন্দা অন্তর পাল (২৬) তার ব্যক্তিগত ফেসবুক আইডি ‘Prince Antor’ থেকে ‘নাশিদ নেক্টার-শিল্পী গোষ্ঠী’ নামের একটি ফেসবুক পেজে ইসলাম ধর্ম সম্পর্কিত আপত্তিকর মন্তব্য করেছেন বলে অভিযোগ ওঠে। সোমবার (২৩ জুন) রাত আনুমানিক ৮টা ৪০ মিনিটের দিকে করা ওই মন্তব্যের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় মুসলিম সম্প্রদায়ের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।
ঘটনার খবর দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায়। একপর্যায়ে বিক্ষুব্ধ লোকজন অভিযুক্তের বাড়ির সামনে জড়ো হতে শুরু করেন। পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা দেখা দেয়।
খবর পেয়ে ফুলগাজী থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ অভিযুক্ত অন্তর পালকে হেফাজতে নিয়ে থানায় নিয়ে যায়।
পরে এ ঘটনায় ফুলগাজী থানায় মামলা দায়ের করা হয়। মামলার ভিত্তিতে মঙ্গলবার (২৪ জুন) অভিযুক্তকে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। ফুলগাজী থানা সূত্র জানিয়েছে, অভিযোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্তের ফলাফলের ভিত্তিতে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে, ঘটনার পর স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে। পাশাপাশি আইন নিজের হাতে তুলে না নিয়ে সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং বিচারিক প্রক্রিয়ার ওপর আস্থা রাখার অনুরোধ জানানো হয়েছে।
আপনার মতামত লিখুন :