পাবনার পদ্মা নদীতে অবৈধ বালু উত্তোলনকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় মঞ্জু শেখ (৩৫) নামে এক কর্মীর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর প্রায় ১টার দিকে সুজানগর উপজেলার চরতারাপুর ও ভাঁড়ারা ইউনিয়নের সীমান্তবর্তী জোতকাকুরিয়া কলাবাগান চর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মঞ্জু শেখ আড়িয়া গোহাইলবাড়ি এলাকার দারোগ শেখের ছেলে। তিনি সুজানগর উপজেলা বিএনপির সদস্যসচিব শেখ আব্দুর রউফের ভাতিজা এবং চরতারাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শেখ রহমত আলীরও ভাতিজা। স্থানীয় নেতারা জানিয়েছেন, তিনি দলের একজন সক্রিয় কর্মী ছিলেন।
স্থানীয়দের ভাষ্য, জোতকাকুরিয়া কলাবাগান চর এলাকায় দীর্ঘদিন ধরে বালু উত্তোলনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। বৃহস্পতিবারও এ নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়। শুক্রবার সকালে চর এলাকায় বালুর অবস্থান দেখতে গেলে বিরোধ নতুন করে সংঘর্ষে রূপ নেয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হলে মঞ্জু শেখ গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।
সুজানগর উপজেলা বিএনপির সদস্যসচিব শেখ আব্দুর রউফ অভিযোগ করেন, তাঁদের পক্ষের লোকজন অবৈধ বালু উত্তোলনে বাধা দিতে গেলে প্রতিপক্ষ গুলি চালায়। এতে তাঁর ভাতিজা নিহত হন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত, বিচার এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার রেজিনূর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বালু উত্তোলনকে কেন্দ্র করে সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে একজনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। মরদেহ উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে।
আপনার মতামত লিখুন :