গাইবান্ধায় নির্মাণাধীন রামমূর্তি অপসারণের দাবিতে বিক্ষোভ সমাবেশ

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ২৬ জুন, ২০২৬, ০৫:৩৭ পিএম

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার হোসেনপুর এলাকায় নির্মাণাধীন রামমূর্তি অপসারণের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন গাইবান্ধা সচেতন নাগরিক ফোরামের নেতাকর্মী ও স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা।

শুক্রবার (২৬ জুন) জুমার নামাজের পর গাইবান্ধা পুরাতন জেলখানা মোড়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিভিন্ন মসজিদ থেকে নামাজ শেষে মুসল্লিরা সমাবেশে যোগ দিয়ে নানা স্লোগানের মাধ্যমে তাঁদের দাবি তুলে ধরেন।

সমাবেশে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন গাইবান্ধা কেন্দ্রীয় বড় মসজিদের ইমাম মুফতি মাওলানা মাহমুদুল হাসান কাশেমী। এছাড়া উপস্থিত ছিলেন সচেতন নাগরিক ফোরামের আব্দুল মাজেদ, হাফেজ মানসুর, আব্দুল বাশার, মনিরুজ্জামান সবুজসহ আরও অনেকে।

বক্তারা তাঁদের বক্তব্যে অভিযোগ করেন, আইনজীবী চৈতালী দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের উদ্দেশ্যে উসকানিমূলক বক্তব্য দিচ্ছেন। তাঁদের দাবি, দেশের ধর্মপ্রাণ মুসলমান এ ধরনের উসকানিতে সাড়া দেবেন না।

এ সময় বক্তারা আরও বলেন, পলাশবাড়ীতে নির্মাণাধীন রামমূর্তি ধর্মপ্রাণ মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানছে। তাই দ্রুত এটি অপসারণের দাবি জানিয়ে তাঁরা বলেন, মূর্তি নির্মাণের সঙ্গে জড়িত হরিদাসের অর্থের উৎসও তদন্ত করা প্রয়োজন।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত রামমূর্তি অপসারণ করা না হলে আরও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

Advertisement

Link copied!