বগুড়ার গাবতলী সদর ইউনিয়নের দাঁড়াইল দক্ষিণপাড়া গ্রামে পূর্ব শত্রুতার জেরে প্রতিবেশীদের হামলায় নারী ও শিশুসহ একই পরিবারের ৩ জন গুরুতর আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় ভুক্তভোগী মোঃ ফজলু মন্ডল (৪৮) বাদী হয়ে গাবতলী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।অভিযোগ সূত্রে জানা গেছে, দাঁড়াইল দক্ষিণপাড়া গ্রামের মোঃ ফজলু মন্ডলের সাথে তার প্রতিবেশী মোঃ জাহাঙ্গীর, মোঃ সাজু মিয়া, মোঃ শামীম হোসেন ও মোছাঃ আনজুমান বেগমদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
এর জের ধরে বিবাদীরা বিভিন্ন সময় ফজলু মন্ডল ও তার পরিবারের লোকজনকে ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছিল।গত ২৯ জুন সন্ধ্যা আনুমানিক ৭:০০ ঘটিকায় ফজলু মন্ডল বাড়িতে না থাকার সুযোগে বিবাদীরা অসৎ উদ্দেশ্যে তার বসতবাড়িতে প্রবেশ করে। তারা ঘরের টিনের বেড়া ও আসবাবপত্র ভাঙচুর করে প্রায় ১ লক্ষ ৫০ হাজার টাকার ক্ষতিসাধন করে এবং শয়নকক্ষে থাকা নগদ ৮০,০০০ টাকা লুট করে নিয়ে যায়।পরবর্তীতে ফজলু মন্ডল খবর পেয়ে বাড়ি ফিরলে বিবাদীরা এবং তাদের সাথে থাকা আরও ৩/৪ জন অজ্ঞাতনামা ব্যক্তি পুনরায় ফজলু মন্ডলের ওপর চড়াও হয়। একপর্যায়ে তারা ফজলু মন্ডল, তার স্ত্রী মোছাঃ শরিফন বেগম (৪০) এবং তার ১৩ বছরের শিশু সন্তান মোঃ রাহাতকে এলোপাতাড়ি মারপিট করে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে।
এ সময় তাদের চিৎকারে স্থানীয় বাসিন্দা মোঃ বাপ্পী ইসলাম, মোছাঃ বিউটি বেগম ও মোছাঃ নূরজাহান বেগমসহ আশেপাশের লোকজন ছুটে এসে তাদের উদ্ধার করেন। স্থানীয়রা এগিয়ে আসলে বিবাদীরা ভুক্তভোগী পরিবারটিকে খুন-জখমের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। বর্তমানে ভুক্তভোগী পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে অভিযুক্তদের সাথে যোগাযোগ করা হলে তারা মারপিট ও ভাঙচুরের সম্পূর্ণ ঘটনাটি অস্বীকার করেন।এই বিষয়ে গাবতলী মডেল থানা পুলিশ জানায়, উভয় পক্ষ লিখিত অভিযোগ দিয়েছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আপনার মতামত লিখুন :