ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মোহাম্মদ কমরুল হাসান বলেছেন, থানা ও সার্কেল অফিসকে সেবামুখী প্রতিষ্ঠান এবং জনগণের আস্থার প্রতীক হিসেবে গড়ে তুলতে সকল পুলিশ সদস্যকে আন্তরিকতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
মঙ্গলবার (৩০ জুন ২০২৬) ত্রিশাল সার্কেল অফিস পরিদর্শনকালে তিনি এ নির্দেশনা দেন।
পরিদর্শনের শুরুতে সহকারী পুলিশ সুপার (ত্রিশাল সার্কেল) এস এম হাসান ইস্রাফীল পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে সার্কেল অফিস প্রাঙ্গণে পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে।
পরবর্তীতে পুলিশ সুপার সার্কেল অফিসে কর্মরত কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি তাদের বিভিন্ন প্রয়োজন, সমস্যা ও অসুবিধার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। পাশাপাশি সার্কেল অফিসের দায়িত্ব পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে পালনের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
তিনি বলেন, জনগণের আস্থা অর্জনে পুলিশ সদস্যদের দায়িত্বশীলতা, মানবিকতা ও সেবার মান আরও বৃদ্ধি করতে হবে। আইনশৃঙ্খলা রক্ষা এবং জনসেবার প্রতিটি ক্ষেত্রে পেশাদার আচরণ নিশ্চিত করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
পরিদর্শনকালে পুলিশ সুপার সার্কেল অফিসের সার্বিক কার্যক্রম, গুরুত্বপূর্ণ রেজিস্টার, মামলার অগ্রগতি, সেবার মান এবং অফিসের পরিচ্ছন্নতা পর্যালোচনা করেন। শেষে তিনি পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন।
এ সময় সহকারী পুলিশ সুপার (ত্রিশাল সার্কেল) এস এম হাসান ইস্রাফীল, ত্রিশাল থানার অফিসার ইনচার্জসহ সার্কেল অফিসে কর্মরত সকল কর্মকর্তা ও পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :