ইবিতে বাধ্যতামূলক কোর্স ঐচ্ছিক করার দাবিতে মৌন মানববন্ধন

ওয়াসিফ আল আবরার , ইবি সংবাদদাতা

প্রকাশিত: ১২ জুলাই, ২০২৬, ০৫:২৭ পিএম

ইবিতে বাধ্যতামূলক কোর্স ঐচ্ছিক করার দাবিতে মৌন মানববন্ধন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বাধ্যতামূলক 'ইসলামিক স্টাডিজ' ও 'বাংলাদেশ স্টাডিজ' কোর্সকে ঐচ্ছিক করার দাবিতে মৌন মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা।

রবিবার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন শেষে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করে তাদের দাবিগুলো তুলে ধরেন।

মানববন্ধনে শিক্ষার্থীদের হাতে "বৈষম্যমূলক শিক্ষা মানি না, মানব না", "চাপিয়ে দেওয়া কোর্স মানি না, মানব না", "শিক্ষার্থীর অধিকার রক্ষা কর", "একপাক্ষিক সিদ্ধান্ত বাতিল চাই", "শিক্ষা হোক স্বাধীন, চাপিয়ে দেওয়া আইন হীন", "জাগো রে জাগো, ছাত্রসমাজ জাগো" ইত্যাদি স্লোগান সংবলিত প্ল্যাকার্ড দেখা যায়। এ সময় কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের অর্ধশতাধিক সনাতনী শিক্ষার্থী অংশ নেন।

এ সময় ব্যানারের মাধ্যমে তারা তিন দফা দাবি উত্থাপন করেন। দাবিগুলো হলো 'ইসলাম শিক্ষা' ও 'বাংলাদেশ স্টাডিজ' কোর্সকে ঐচ্ছিক করতে হবে; শিক্ষার্থীর নিজস্ব পছন্দ ও একাডেমিক স্বাধীনতা নিশ্চিত করতে হবে এবং অন্তর্ভুক্তিমূলক ও ভারসাম্যপূর্ণ পাঠ্যক্রম প্রণয়ন করতে হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেন, "শিক্ষার্থীদের স্মারকলিপি পাওয়ার পর থেকেই বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে। এটি একটি একাডেমিক বিষয় এবং সিন্ডিকেটের অনুমোদনের মাধ্যমে সিদ্ধান্ত হয়েছে। তাই আমি এককভাবে এ বিষয়ে সিদ্ধান্ত দিতে পারি না। তবে আগামী সিন্ডিকেট সভায় বিষয়টি উপস্থাপন করা হবে। সেখানে সবার মতামতের ভিত্তিতে একটি সিদ্ধান্ত নেওয়া হবে। সিদ্ধান্তটি অবশ্যই শিক্ষার্থীবান্ধব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।"

Link copied!