পাবিপ্রবিতে উপাচার্যের অর্থায়নে ক্যারিয়ার কর্নারের উদ্বোধন

পাবিপ্রবিতে উপাচার্যের অর্থায়নে ক্যারিয়ার কর্নারের উদ্বোধন

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) শিক্ষার্থীদের উচ্চশিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং কর্মজীবনের প্রস্তুতিতে সহায়তা করতে উপাচার্যের নিজ অর্থায়নে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ও তথ্যকেন্দ্রে ‘ক্যারিয়ার কর্নার’ স্থাপন করা হয়েছে। রোববার (১২ জুলাই) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে এর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম।

এ সময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান ও জুলাই ৬ হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. কামরুজ্জামান, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শেখ রাসেল আল আহমেদ, অতিরিক্ত গ্রন্থাগারিক মো. হাফিজুর রহমান মোল্লাসহ গ্রন্থাগারের কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীরা।

উদ্বোধনী বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম বলেন, “উপাচার্য হিসেবে যোগদানের পরপরই একদল শিক্ষার্থী আমার সঙ্গে দেখা করে লাইব্রেরির বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেছিল। তীব্র গরমের সমস্যা নিরসনে আমরা কয়েকটি শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) স্থাপন করতে সক্ষম হয়েছি। সে সময় আমি শিক্ষার্থীদের একটি ক্যারিয়ার কর্নার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছিলাম। আজ সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে পেরে আমি আনন্দিত।”

তিনি আরও বলেন, “বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে শিক্ষার্থীদের শুধু একাডেমিক শিক্ষায় দক্ষ হলেই চলবে না, ক্যারিয়ার পরিকল্পনা, দক্ষতা উন্নয়ন এবং উচ্চশিক্ষার সুযোগ-সুবিধা সম্পর্কেও বাস্তবসম্মত ধারণা থাকা জরুরি। এই ক্যারিয়ার কর্নার সেই লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

তিনি জানান, ক্যারিয়ার কর্নারে দেশ-বিদেশে উচ্চশিক্ষার সুযোগ, বিভিন্ন চাকরির প্রস্তুতিমূলক বই, বিসিএস ও অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার তথ্য, দক্ষতা উন্নয়নবিষয়ক গ্রন্থ এবং প্রয়োজনীয় তথ্যসামগ্রী সংরক্ষণ করা হবে। এসব উপকরণ শিক্ষার্থীদের ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়ন ও পেশাগত দক্ষতা অর্জনে কার্যকর সহায়তা করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Link copied!