ইবিতে নবীনদের ক্যারিয়ারমুখী করতে ইংরেজি বিভাগের একাডেমিক ওরিয়েন্টেশন

ওয়াসিফ আল আবরার , ইবি সংবাদদাতা

প্রকাশিত: ১৫ জুলাই, ২০২৬, ০১:৫৮ পিএম

ইবিতে নবীনদের ক্যারিয়ারমুখী করতে ইংরেজি বিভাগের একাডেমিক ওরিয়েন্টেশন

শিক্ষার্থীদের ক্যারিয়ারমুখী করার লক্ষ্যে নানা আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের (২০২৫-২৬ শিক্ষাবর্ষ) নবীন শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ। বিশ্ববিদ্যালয় জীবনে পদার্পণের প্রথম দিন থেকেই শিক্ষার্থীরা যেন একাডেমিক কার্যক্রম শুরু করতে পারে, সে লক্ষ্যেই প্রচলিত নবীনবরণ অনুষ্ঠানের বাইরে গিয়ে 'একাডেমিক ওরিয়েন্টেশন' অনুষ্ঠানের আয়োজন করে বিভাগটি।

বুধবার (১৫ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র নজরুল কলা ভবনের দ্বিতীয় তলার ২০৪ নং কক্ষে ইংরেজি বিভাগের শিক্ষক ও কর্মকর্তাদের নিয়ে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিভাগীয় সভাপতি অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন আজাদের সভাপতিত্বে ও সহযোগী অধ্যাপক ড. প্রকাশ চন্দ্র বর্মণের সঞ্চালনায় উপস্থিত ছিলেন বিভাগের অধ্যাপক ড. আ হ ম আক্তারুল ইসলাম, ড. মিয়া মোহাম্মদ রাশিদুজ্জামান, ড. প্রদীপ কুমার অধিকারী, সহযোগী অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন জাহিদ, ড. লিটন বরণ শিকদারসহ অন্যান্য শিক্ষক, কর্মকর্তা এবং নবীন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের জন্য বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন বিভাগের শিক্ষকবৃন্দ।

এদিন নবীন শিক্ষার্থীদের বিভাগের পক্ষ থেকে রজনীগন্ধা ফুল ও কলম দিয়ে বরণ করে নেওয়া হয়। এরপর শিক্ষার্থীদের পূর্ণাঙ্গ ক্লাস রুটিন, প্রথম বর্ষের একাডেমিক সিলেবাস ও একাডেমিক ক্যালেন্ডার প্রদান করা হয়। আজকের ওরিয়েন্টেশনের পর আগামী সপ্তাহের প্রথম দিন থেকেই তারা যেন পড়াশোনা শুরু করতে পারে, সেজন্য যাবতীয় দিকনির্দেশনা প্রদান করেন উপস্থিত শিক্ষকেরা। এছাড়াও বিভাগে কোনো ধরনের র‍্যাগিং বা অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে শিক্ষার্থীদের সর্বোচ্চ আশ্বাস দেওয়া হয়।

বিভাগের সভাপতি অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ বলেন, "আমি সভাপতির দায়িত্ব পাওয়ার পরপরই শিক্ষার্থীদের স্কিল ডেভেলপমেন্টের জন্য বিভিন্ন কমিটি গঠন করি। যার মধ্যে ইংলিশ লিটারেরি ক্লাব, ল্যাংগুয়েজ ক্লাব, ক্যারিয়ার ক্লাব, ডিবেটিং সোসাইটি, কালচারাল ক্লাব, স্পোর্টস ক্লাব, অ্যান্টি-র‍্যাগিং ভিজিলেন্স টিম, নারী নির্যাতন প্রতিরোধ কমিটি, ছাত্র উপদেষ্টা নিয়োগসহ বেশ কয়েকটি কমিটি বিভাগে কাজ করছে। এসব কমিটি নিয়মিত সেমিনার ও ওয়ার্কশপ আয়োজনের মাধ্যমে ছাত্রদের দক্ষতা বৃদ্ধিতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমাদের মূল ফোকাস হলো কোয়ালিটি টিচিং-লার্নিং। শিক্ষার্থীরা যেন শুরুর দিন থেকেই নিজেদের ক্যারিয়ার গোছাতে পারে, সেজন্য সব ব্যবস্থা বিভাগ নিয়েছে। আশা করি আজকের নবীন শিক্ষার্থীরাই আগামীতে দেশের নেতৃত্ব দেবে।"

সিয়াম সরিষা
Link copied!