আপাতত ভারত সফরে যাচ্ছেন না প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ১৮ জুলাই, ২০২৬, ০৮:০৩ এএম

আপাতত ভারত সফরে যাচ্ছেন না প্রধানমন্ত্রী

ফাইল ফটো

অভ্যন্তরীণ রাজনীতি, জাতীয় স্বার্থ ও পরিবর্তিত ভূরাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় আপাতত ভারত সফরে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা ও সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্রের বরাতে এ তথ্য জানা গেছে।

কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, সরকারপ্রধান হিসেবে তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর। তবে দুই দেশের মধ্যে আস্থার ঘাটতি, পানিবণ্টনসহ দীর্ঘদিনের অমীমাংসিত ইস্যু এবং সাম্প্রতিক কূটনৈতিক টানাপোড়েনের কারণে এ সফরের আলোচনা বর্তমানে স্থগিত রয়েছে।

সূত্র জানায়, আগামী ডিসেম্বরে শেষ হচ্ছে বাংলাদেশ-ভারতের গঙ্গা পানিবণ্টন চুক্তির মেয়াদ। নতুন চুক্তি না হওয়া পর্যন্ত বর্তমান চুক্তি বহাল রাখার বিষয়ে ঢাকার পক্ষ থেকে অনুরোধ জানানো হলেও দিল্লির কাছ থেকে এখনো ইতিবাচক সাড়া পাওয়া যায়নি।

এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফর নিয়ে শুরু থেকেই আলোচনা ছিল। দিল্লি সফরের সম্ভাবনা থাকলেও শেষ পর্যন্ত তিনি মালয়েশিয়া হয়ে চীন সফর করেন। গত ২১ থেকে ২৬ জুন অনুষ্ঠিত ওই সফরের পর ঢাকা-বেইজিং সম্পর্ক নিয়ে নতুন সমীকরণ তৈরি হয়েছে বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, আগামী সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক সফরের প্রস্তুতি নিচ্ছেন প্রধানমন্ত্রী। এর পাশাপাশি জাপান ও সৌদি আরব সফর নিয়েও আলোচনা চলছে।

জাপান সরকার দ্রুত প্রধানমন্ত্রীকে টোকিও সফরে নিতে আগ্রহী বলে জানা গেছে। আগামী ১২ আগস্ট ঢাকায় অনুষ্ঠেয় বাংলাদেশ-জাপান পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে এ বিষয়ে আলোচনা হতে পারে।

অন্যদিকে সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে দেশটি সফরের আমন্ত্রণ জানিয়েছেন। আগামী দিনে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর বা নিউইয়র্কে বৈঠকের মাধ্যমে এ সফরের বিষয়টি চূড়ান্ত হতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

বিশ্লেষকদের মতে, চীন সফরের পর জাপান ও সৌদি আরব সফর বাংলাদেশের কূটনৈতিক ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাদের মতে, প্রতিবেশী ভারতের সাথে সম্পর্ক গুরুত্বপূর্ণ হলেও বর্তমান পরিস্থিতিতে আস্থার পরিবেশ তৈরি না হওয়া পর্যন্ত দিল্লি সফর চ্যালেঞ্জিং।

উল্লেখ্য, গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর ভারতের পক্ষ থেকে তারেক রহমানকে দিল্লি সফরের আমন্ত্রণ জানানো হয়েছিল। শুরুতে জুলাই মাসে সফরের সম্ভাবনা নিয়ে আলোচনা হলেও পরে তা আর এগোয়নি।

কূটনৈতিক সূত্রগুলো বলছে, ঢাকা-দিল্লি সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতি হলে ভবিষ্যতে প্রধানমন্ত্রীর ভারত সফরের পথ খুলতে পারে। তবে চলতি বছরে এ সফরের সম্ভাবনা খুবই কম বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সূত্র: আমার দেশ

Link copied!