৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহত ৫

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ২০ জুলাই, ২০২৬, ০৯:২০ এএম

৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহত ৫

ফাইল ফটো

দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে ৫ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত পাঁচজন নিহত এবং প্রায় ২০ জন আহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার রাতে আঘাত হানা এই ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

রোববার দেশটির সংবাদমাধ্যম লা রিপাবলিকা এ তথ্য জানিয়েছে। 

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল পেরুর চূপাকা শহরের কাছে।

ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে চংগোস বাজো জেলা।

এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, নিহত পাঁচজনই ওই জেলার বাসিন্দা। তবে তাদের পরিচয় এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি স্থানীয় প্রশাসন।

শক্তিশালী এই ভূমিকম্পে অঞ্চলের বেশ কয়েকটি ঐতিহাসিক ধর্মীয় স্থাপনা ও ঐতিহ্যবাহী স্থানের ব্যাপক ক্ষতি হয়েছে। এছাড়া কম্পনের পরপরই কয়েকটি জেলায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নিরূপণে স্থানীয় কর্তৃপক্ষ কাজ করছে। একই সঙ্গে উপদ্রুত এলাকাগুলোতে জরুরি উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে। তারা অনুসন্ধান, উদ্ধার তৎপরতা এবং ক্ষয়ক্ষতির হিসাব সংগ্রহের কাজ চালিয়ে যাচ্ছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

Link copied!