জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কর্পোরেট চাকরির বাজারের জন্য প্রস্তুত করতে রাজশাহী কলেজে অনুষ্ঠিত হয়েছে ‘করসেয়ার প্রেজেন্টস ক্যাম্পাস টু কর্পোরেট: প্রিপেয়ারিং ইয়োরসেলফ’ শীর্ষক সেমিনার। বক্তারা বলেছেন, বর্তমান কর্মক্ষেত্রে ভালো ফলাফলের পাশাপাশি নেতৃত্ব, যোগাযোগ দক্ষতা, সমস্যা সমাধানের সক্ষমতা ও পেশাদার মানসিকতা একজন শিক্ষার্থীর ক্যারিয়ার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সোমবার (২০ জুলাই) সকালে রাজশাহী কলেজ অডিটোরিয়ামে রাজশাহী কলেজ বিজনেস ক্লাবের (আরসিবিসি) উদ্যোগে সেমিনারটি অনুষ্ঠিত হয়। ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ও বিজনেস ক্লাবের উপদেষ্টা মো. আমির সাদাতের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইব্রাহিম আলী। বিশেষ অতিথি ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক ড. হাবিবুর রহমান। এ ছাড়া উপস্থিত ছিলেন বিজনেস ক্লাবের উপদেষ্টা অধ্যাপক মো. গোলাম রাব্বানী, প্রভাষক মো. তরিকুল ইসলাম এবং স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের সিনিয়র এক্সিকিউটিভ মো. আব্দুর রহমান মুন্না।
সেমিনারের প্রধান বক্তা ছিলেন রাজশাহী কলেজের সাবেক শিক্ষার্থী ও স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের ডেপুটি ম্যানেজার মো. সাব্বির করিম। তিনি কর্পোরেট জগতে প্রবেশের প্রস্তুতি, দক্ষতা উন্নয়ন, সিভি তৈরির কৌশল, ইন্টারভিউ, নেটওয়ার্কিং ও ব্যক্তিগত ব্র্যান্ডিং নিয়ে নিজের অভিজ্ঞতা তুলে ধরেন। মো. সাব্বির করিম বলেন, “জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও ধারাবাহিকভাবে নিজেদের দক্ষ করে তুলতে পারলে বহুজাতিক প্রতিষ্ঠানসহ দেশের শীর্ষ কর্পোরেট প্রতিষ্ঠানে সফল ক্যারিয়ার গড়তে পারবেন।”
সেমিনারে বক্তারা শিক্ষার্থীদের একাডেমিক পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার ওপর গুরুত্বারোপ করেন। তাঁদের মতে, প্রযুক্তিগত দক্ষতার পাশাপাশি সফট স্কিল উন্নয়নও সময়ের দাবি। ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী ফারদিন খন্দকার বলেন, কর্পোরেট জগতে সফল হতে কী ধরনের দক্ষতা প্রয়োজন এবং কীভাবে নিজেকে প্রস্তুত করতে হবে, সে বিষয়ে বাস্তব ধারণা পেয়েছি। ভবিষ্যতে এ ধরনের আয়োজন আরও হলে শিক্ষার্থীরা উপকৃত হবেন।
সেমিনারে বিজনেস ক্লাবের সদস্যদের পাশাপাশি কলেজের বিভিন্ন বিভাগের প্রায় ৫০০ শিক্ষার্থী অংশ নেন। প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীরা কর্পোরেট ক্যারিয়ার, চাকরির প্রস্তুতি, সিভি তৈরি ও ইন্টারভিউ–সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন করেন। বক্তারা নিজেদের অভিজ্ঞতার আলোকে সেসব প্রশ্নের উত্তর দেন। রাজশাহী কলেজ বিজনেস ক্লাবের সভাপতি নাসিবুল হাসান রাফি বলেন, শিক্ষার্থীদের বাস্তব কর্মক্ষেত্রের জন্য প্রস্তুত করতে ভবিষ্যতেও এ ধরনের ক্যারিয়ারভিত্তিক আয়োজন অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন :