রাজশাহী কলেজ রোভার স্কাউট গ্রুপের ক্রু কাউন্সিলের বিদায় ও বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ সময় রোভার স্কাউট গ্রুপের সম্পাদক ও ব্যবস্থাপনা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর ড. হাসনা আরা বেগমকে বিদায়ী সংবর্ধনা জানানো হয়। একই সঙ্গে নবগঠিত ক্রু কাউন্সিলকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়।বুধবার (২২ জুলাই) দুপুর ২টায় কলেজের হাজী মুহাম্মদ মহসিন ভবনের ১১৭ নম্বর গ্যালারি কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী কলেজের অধ্যক্ষ ও রোভার স্কাউট ইউনিটের সভাপতি প্রফেসর ড. মো. ইব্রাহিম আলী। তিনি বলেন, বিদায়ী কমিটি দায়িত্ব পালনে প্রশংসনীয় ভূমিকা রেখেছে। কাজের ক্ষেত্রে ছোটখাটো ভুলত্রুটি থাকলেও সেগুলো ইতিবাচক দৃষ্টিতে দেখা উচিত। নবনির্বাচিত কমিটির সদস্যদের উদ্দেশে তিনি বলেন, আগের ধারাবাহিকতা বজায় রেখে তারা সংগঠনকে আরও গতিশীল ও সমৃদ্ধ করবে বলে তিনি আশাবাদী।
অধ্যক্ষ আরও বলেন, রোভার স্কাউট সমাজ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্কাউট সদস্যদের নিজেদের পরিচ্ছন্ন রাখার পাশাপাশি অন্যদেরও পরিচ্ছন্নতা সম্পর্কে সচেতন করতে হবে। এতে সমাজ আরও সুন্দর ও বাসযোগ্য হয়ে উঠবে।
বিদায়ী বক্তব্যে প্রফেসর ড. হাসনা আরা বেগম বলেন, “রোভার স্কাউট আমার অত্যন্ত ভালোবাসার একটি জায়গা। দীর্ঘদিন ধরে ভালোবাসা ও আন্তরিকতা দিয়ে এই সংগঠনকে গড়ে তোলার চেষ্টা করেছি। আজ দায়িত্ব থেকে বিদায় নিতে কষ্ট হলেও এটি দায়িত্বের স্বাভাবিক ধারাবাহিকতা।”
তিনি বলেন, “তোমরা যখনই আমাকে প্রয়োজন মনে করবে, আমি সবসময় পাশে থাকার চেষ্টা করব। নতুন নেতৃত্ব রোভার স্কাউটকে আরও সমৃদ্ধ করবে, এটাই আমার প্রত্যাশা। সংগঠনের প্রয়োজনে ডাকলে আমি অবশ্যই আবারও চলে আসব।” অনুষ্ঠানে বিদায়ী কমিটির সদস্যদের সম্মাননা স্মারক প্রদান করা হয় এবং নবনির্বাচিত ক্রু কাউন্সিলের সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আবু মো. ইউনুছ আলী, রোভার স্কাউটের আরএসএল ও ভূগোল বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. জহিরুল ইসলাম, গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মো. ইয়াকুব আলী, প্রাণিবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোছাম্মৎ ফাহমিদা আখতার কস্তুরী, ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মো. তরিকুল ইসলাম আনসারী, হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক মো. তরিকুল ইসলামসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, রোভার স্কাউটের সদস্য এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :