ময়মনসিংহ ৬ ফুলবাড়ীয়া আসনের সংসদ সদস্য অধ্যক্ষ কামরুল হাসান মিলন বলেছেন, বর্তমান সময়ে মাদক ও অনলাইন জুয়া বিস্তৃতি লাভ করায় তরুণরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। যা সামাজিক প্রতিরোধের মাধ্যমে নির্মুল করতে হবে। তিনি বলেন, ক্রীড়াঙ্গনের সাথে জড়িতরা সকল শ্রেণীর মানুষদের নিয়ে ঐক্যের মাধ্যমে সুন্দর সমাজ গঠন করা সম্ভব। যেখানে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজী ও দুর্নীতি থাকবে না।
শুক্রবার (২৩ জুলাই) বিকেলে ফুলবাড়ীয়ায় ইলেকট্রনিক ও স্যানিটারি মিস্ত্রিদের প্রীতি ফুটবল খেলায় প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। ফুলবাড়ীয়া পৌর শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি চান মিয়া জিহাদীর সভাপতিত্বে সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে খেলায় অংশ গ্রহণ করে ইলেকট্রনিক মিস্ত্রী একাদশ এবং স্যানিটারি মিস্ত্রী একাদশ।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি মাহবুবুর রশীদ ফরাজী, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ফজলুল হক শামীম, সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান অতিথি আবু ওবায়দা বাবুল ও আলম এশিয়া পরিবহন লিমিটেডের চেয়ারম্যান এসএম শাহজাহান সহ অন্যান্যরা। খেলার ধারাবর্ণনায় ছিলেন ক্রীড়া ভাষ্যকার শাহজাহান মৃধা। এতে আনন্দঘন পরিবেশে খেলা উপভোগ করেন উপস্থিত দর্শকমন্ডলীরা।

আপনার মতামত লিখুন :