সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘জার্নালিস্ট অব দ্য ইয়ার-২০২৬’ সম্মাননা অর্জন করেছেন জাতীয় দৈনিক ‘প্রতিদিনের কাগজ’-এর জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (জাবিপ্রবি) প্রতিনিধি ইয়াসির আরাফাত। রবিবার (২ আগস্ট) বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির উদ্যোগে আয়োজিত ‘Training on Basic Journalism, MoJo and AI Reporting’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে তাঁর হাতে সম্মাননা স্মারক ও সনদ তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. আমির হোসেন। বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত প্রক্টর ড. মোহাম্মদ সাদীকুর রহমান এবং আইকিউএসির ভারপ্রাপ্ত অতিরিক্ত পরিচালক ড. মুহাম্মদ শাহজালাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মো. মিরাজুল ইসলাম।
দিনব্যাপী কর্মশালায় সাংবাদিকতার মৌলিক ধারণা, মোবাইল জার্নালিজম এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে আধুনিক রিপোর্টিংয়ের বিভিন্ন দিক নিয়ে প্রশিক্ষণ দেন জাবিপ্রবির বাংলাদেশ স্টাডিজ বিভাগের প্রভাষক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি মো. বেলাল হোসেন এবং দৈনিক আজকের পত্রিকার সাংবাদিক ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি মো. হাবিবুর রহমান রনি।
অনুষ্ঠানে বক্তারা বলেন, তথ্যপ্রযুক্তিনির্ভর বর্তমান সাংবাদিকতায় দক্ষতা বৃদ্ধির জন্য নিয়মিত প্রশিক্ষণের বিকল্প নেই। এ ধরনের উদ্যোগ তরুণ সাংবাদিকদের পেশাগত সক্ষমতা বৃদ্ধি এবং দায়িত্বশীল সাংবাদিকতা চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উল্লেখ্য, ‘অদম্য সাহসের সাথে দূরন্ত সংবাদ’ মূলমন্ত্রকে সামনে রেখে জাতীয় দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকায় কর্মরত সাংবাদিকরা দেশের সর্বত্রই ভালো কাজের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন সম্মাননা পাচ্ছেন।

আপনার মতামত লিখুন :