মোহাম্মদপুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে নির্মাণশ্রমিকের মৃত্যু

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ০৫ আগস্ট, ২০২৬, ০৭:৪১ পিএম

মোহাম্মদপুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে নির্মাণশ্রমিকের মৃত্যু

জুনায়েদ আহম্মেদ , মোহাম্মদপুর: রাজধানীর মোহাম্মদপুরের চন্দ্রিমা মডেল টাউনে নির্মাণাধীন একটি ভবনে কাজ করার সময় নিচে পড়ে মো. সুরুজ শেখ (৪৯) নামে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার সকাল আনুমানিক ৮টার দিকে চন্দ্রিমা মডেল টাউন, ব্লক-সি, রোড-৮, বাসা নং ২৪/২৫-এ এ দুর্ঘটনা ঘটে। নিহত সুরুজ শেখ টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার বাজুয়ার টেক নিশ্চিন্তপুর গ্রামের বাসিন্দা। তিনি ওই নির্মাণাধীন ভবনে নির্মাণশ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্বজনদের তথ্য অনুযায়ী, ভবনের পঞ্চম তলায় নির্মাণকাজ চলাকালে পানি দেওয়ার সময় অসাবধানতাবশত তার পা পিছলে যায়। এতে তিনি নিচে পড়ে মাথা ও পায়ে গুরুতর আঘাত পান। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে চিকিৎসক সকাল সাড়ে ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ভাতিজা জানান, ছাদে পানি দেওয়ার সময় দুর্ঘটনাবশত নিচে পড়ে যান সুরুজ শেখ। তিনি বর্তমানে মোহাম্মদপুরের চন্দ্রিমা মডেল টাউনে বসবাস করতেন এবং তিন সন্তানের জনক ছিলেন। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, প্রাথমিকভাবে এটি একটি দুর্ঘটনাজনিত মৃত্যু বলেই জানা গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালের প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করেছে। মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Link copied!