সোনারগাঁয়ে পুলিশের অভিযান: ৪ বছরের পুরোনোসহ ৩ ওয়ারেন্টের পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার

মইন আল হোসাইন , সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

প্রকাশিত: ০৮ আগস্ট, ২০২৬, ১২:৩২ পিএম

সোনারগাঁয়ে পুলিশের  অভিযান: ৪ বছরের পুরোনোসহ ৩ ওয়ারেন্টের পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার

ফাইল ফটো

নারায়ণগঞ্জের সোনারগাঁ থানা পুলিশের বিশেষ অভিযানে ৩টি গ্রেফতারী পরোয়ানায় এক সাজাপ্রাপ্ত/পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। সোনারগাঁ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) কামরুজ্জামান-এর অত্যন্ত নিখুঁত পরিকল্পনা, সাহসিকতা ও পেশাদার দক্ষতার মাধ্যমে এই সফল অভিযান পরিচালিত হয়। গ্রেফতারকৃত আসামির নাম মো: সাহাবুদ্দিন (২৫)। পরে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

​পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ৩টি পৃথক মামলায় গ্রেফতারী পরোয়ানা জারি ছিল, যার মধ্যে একটি পরোয়ানা বিগত চার বছর আগের (২০২০ সালের)। আসামি দীর্ঘ দিন ধরে সুকৌশলে আত্মগোপনে থাকায় তাকে গ্রেফতার করা বেশ চ্যালেঞ্জিং হয়ে পড়েছিল। তবে এএসআই কামরুজ্জামান তার সুনির্দিষ্ট গোয়েন্দা নজরদারি, নিরলস প্রচেষ্টা ও পেশাদার বিচক্ষণতার মাধ্যমে আসামি সাহাবুদ্দিনের অবস্থান চিহ্নিত করেন এবং দক্ষতার সাথে তাকে গ্রেফতার করতে সক্ষম হন। এএসআই কামরুজ্জামানের এই সফল অভিযান আইনশৃঙ্খলা রক্ষায় ও অপরাধ দমনে পুলিশের ওপর সাধারণ মানুষের আস্থা আরও বাড়িয়ে দিয়েছে।

​গ্রেফতারকৃত আসামির পরিচয়: ​মো: সাহাবুদ্দিন (২৫) (ওরফে শাহাবুদ্দিন)পিতা: মৃত দুদু মিয়া (ওরফে কুদ্দুস মিয়া) গ্রাম: ভারগাঁও কাজীপাড়া, থানা: সোনারগাঁও, জেলা: নারায়ণগঞ্জ। ​আসামি মো: সাহাবুদ্দিনের বিরুদ্ধে নারায়ণগঞ্জের বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতসহ বিভিন্ন আদালতে একাধিক ফৌজদারি মামলা বিচারাধীন ছিল। এর মধ্যে ধারা ৩৪১/৩০৭/৪১২ দণ্ডবিধিসহ একাধিক ধারার মামলায় আদালত তার বিরুদ্ধে ৩টি পৃথক গ্রেফতারী পরোয়ানা জারি করেছিলেন (যার মধ্যে একটি ২০২২ সালের পুরোনো ওয়ারেন্ট)।

​সোনারগাঁও থানা সূত্রে নিশ্চিত করা হয়েছে যে, গ্রেফতারকৃত আসামিকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। অপরাধ দমনে ও ওয়ারেন্ট তামিলে সোনারগাঁও থানা পুলিশের এমন জোরদার অভিযান অব্যাহত থাকবে।

Link copied!